চট্টগ্রাম বিএনপি অভিযোগ করেছে, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছেন।নগর বিএনপির সভাপতি ও বিএনপির মেয়র পদপ্রার্থী মনজুর আলমের প্রধান নির্বাচনী এজেন্ট আমীর খসরু মাহমুদ চৌধুরী আজ বৃহস্পতিবার বিকেলে মেহেদীনগরে তাঁর বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।আমীর খসরু বলেন, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনের কাছে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগপত্র পেশ করা হয়েছে। এতে চট্টগ্রামের দুই ভোটার বিনোদবিহারী ও রানা দাস গুপ্তের কাছে ফোনে মহিউদ্দিনের হয়ে প্রধানমন্ত্রীর ভোট চাওয়া এবং তাঁদের মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের কাছে ভোট চাওয়ার বিষয়ে অভিযোগ আনা হয়েছে। এর মধ্য দিয়েই প্রধানমন্ত্রী আচরণবিধির ১৪ নম্বর ধারা সুস্পষ্টভাবে লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করা হয়।সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, ‘আমরা বিভিন্ন সময় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করে আসছি, তবে প্রতিকার পাওয়া যাচ্ছে না।’এদিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চট্টগ্রাম বিএনপি নেতাদের সঙ্গে যে টেলিকনফারেন্স করেছেন, তাতে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন হয়েছে কি না—সংবাদিকেরা জানতে চাইলে তিনি বলেন, নেত্রী বিএনপির নেতাদের সঙ্গে কথা বলেছেন। তিনি দলের হয়ে দলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলতেই পারেন। তিনি কোনো ভোটারের সঙ্গে কথা বলেননি এবং ভোটও চাননি।