প্রধানমন্ত্রী নির্বাচনে থাই পার্লামেন্টে ভোট শুক্রবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডে প্রধানমন্ত্রী নির্বাচনে আগামী শুক্রবার পার্লামেন্টে ভোটাভুটি অনুষ্ঠিত হবে। পার্লামেন্টের জ্যেষ্ঠ এক কর্মকর্তা আজ বুধবার এ কথা জানান।থাই পার্লামেন্ট সচিবালয়ের সেক্রেটারি জেনারেল পিতুন পামহিরান বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনে ৫ আগস্ট সকাল ১০টায় পার্লামেন্টে ভোট নেওয়া হবে। নির্বাচিত প্রধানমন্ত্রী নতুন সরকারে নেতৃত্ব দেবেন।প্রধানমন্ত্রী পদে পুয়ে থাই পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইংলাক সিনাওয়াত্রা। গত ৩ জুলাই অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ইংলাকের নেতৃত্বে পুয়ে থাই পাটি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। রাজনীতিতে নবাগত ইংলাক পুয়ে থাই নেতা স্বেচ্ছায় নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার বোন।বিরোধী দলের হয়ে প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিদায়ী প্রধানমন্ত্রী অফিসিত ভেজ্জাজিওয়া। নির্বাচনে তাঁর দল ডেমোক্র্যাট পার্টির ভরাডুবি হওয়ার পর তিনি নেতৃত্ব থেকে সরে দাঁড়ান। তবে অফিসিত আবারও দলের নেতৃত্বে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে।প্রধানমন্ত্রী পদে জয়ী হতে হলে প্রার্থীকে অবশ্যই পার্লামেন্টের ২৫১ সদস্যের ভোট পেতে হবে। বিশ্লেষকদের মতে, পার্লামেন্টে পুয়ে থাই পার্টির সংখ্যাগরিষ্ঠতা থাকাই ইংলাক খুব সহজেই উতরে যাবেন।ইংলাক পার্লামেন্টে ছয়টি দলের একটি জোট গঠন করেছেন। থাই পার্লামেন্টের ৫০০ আসনের নিম্নকক্ষের পাঁচ ভাগের তিন ভাগই নিয়ন্ত্রণ করছে এ জোট।