প্রধানমন্ত্রী পদে মোদিকে চায় বিজেপি
গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁকে নিয়ে বিতর্ক কম নেই। তা সত্ত্বেও ভারতীয় জনতা পার্টি (বিজেপি) পরবর্তী লোকসভা নির্বাচনে জয়লাভ করলে প্রধানমন্ত্রী হতে পারেন বিতর্কিত এই ব্যক্তিটিই।বিজেপি সূত্রের বরাত দিয়ে দ্য টাইমস অব ইন্ডিয়া জানায়, বিজেপির বর্তমান প্রেসিডেন্ট নিতিন গড়কারী এবং অন্য দুই নেতা অরুণ জেটলি ও সুষমা সরাজ—এই তিনজন প্রধানমন্ত্রী হিসেবে দলের পছন্দের তালিকার শীর্ষে। তবে তাঁদের চেয়েও এ পদের জন্য বেশি পছন্দের হলেন নরেন্দ্র মোদি। কারণ হিসেবে বলা হচ্ছে, তাঁর রয়েছে বিরাট ক্যাডার বাহিনী এবং নির্দিষ্ট ভোট ব্যাংক।বিজেপির একটি সূত্র জানায়, ‘তবে এই পছন্দ নির্ভর করছে পরবর্তী নির্বাচনে বিজেপির কতগুলো আসন পায়, তার ওপর। যদি লোকসভায় বিজেপি ১৮০ আসন পায়, তবে মোদি প্রধানমন্ত্রী পদের জন্য সেরা পছন্দ হবেন। এটা নির্ভর করছে বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার গঠনের ওপর।’বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও শিরোমণি আকালি দলের সঙ্গে বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) জোট গঠনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। সবকিছুই এখন নির্ভর করছে এনডিএ তার মিত্র বাড়াতে পারে কি না, তার ওপর।