প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি না দেওয়ায় কুমিল্লায় বিক্ষোভ
প্রধানমন্ত্রীর সফরে প্রত্যাশা পূরণ হয়নি কুমিল্লাবাসীর। এখানে সফরে এসে গ্যাস-সংযোগের প্রতিশ্রুতি না দেওয়ায় বিক্ষোভ ও অবরোধ করেছে এলাকাবাসী। কুমিল্লার মুরাদনগর উপজেলায় গ্যাস-সংযোগের দাবিতে আজ রোববার সকালে কাঠের গুঁড়ি ও বাঁশ ফেলে বাখরাবাদ-কুমিল্লা সড়ক তিন ঘণ্টা অবরোধ করে রাখে তারা। তারা উপজেলার গাঙ্গুটিয়া এলাকার বাখরাবাদ গ্যাস ফিল্ডের কার্যালয় ঘেরাও করে। বাখরাবাদ-সিদ্ধিরগঞ্জ গ্যাস-সংযোগের পাইপলাইনের সব মালামাল পাঁচপুকুরিয়া বাজারে আটকে দেয়। এ অবস্থায় আজ সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত ওই পাইপলাইনের কাজ বন্ধ ছিল।ক্ষুব্ধ এলাকাবাসী জানান, গতকাল শনিবার মুরাদনগর সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্যাস-সংযোগের কোনো প্রতিশ্রুতি দেননি। কুমিল্লায় গ্যাস-সংযোগ দেওয়া এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। তাই এলাকাবাসী আজ বিক্ষোভ করেছে। মুরাদনগর আবাসিক গ্যাস সংগ্রাম কমিটির সদস্য কাজী আবদুল লতিফ, আইয়ুব আলী ও জহিরুল হক বলেন, ‘প্রধানমন্ত্রী গ্যাসের প্রতিশ্রুতি না দেওয়ায় আমরা আন্দোলন করছি। ১০ দিনের মধ্যে সমস্যার সমাধান না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল নয়টার দিকে দক্ষিণ মুরাদনগর এলাকার দারোরা, ধামঘর, জাহাপুর, ছালিয়াকান্দি, পাহাড়পুর ও বাবুটিপাড়া ইউনিয়নের প্রতিটি গ্রামে গ্যাস-সংযোগের দাবিতে গঠিত সর্বদলীয় আবাসিক গ্যাস সংগ্রাম কমিটি সড়ক অবরোধ করে। ওই সময়ে ক্ষুব্ধ এলাকাবাসী বাখরাবাদ-কুমিল্লা সড়ক দুপুর ১২টা পর্যন্ত অবরোধ করে এবং গাঙ্গুটিয়ায় অবস্থিত বাখরাবাদ গ্যাস ফিল্ডের কার্যালয় ঘেরাও করে রাখে। একই সঙ্গে সড়কের মধ্যে মানববন্ধন ও বিক্ষোভ করে। তারা কুমিল্লার মুরাদনগরের বাখরাবাদ থেকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস নেওয়ার জন্য নির্মিত নতুন গ্যাস সরবরাহের পাইপলাইন উপড়ে ফেলে। খবর পেয়ে দুপুর ১২টার দিকে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার ও পুলিশ ঘটনাস্থলে যায়। তারা এলাকাবাসীকে গ্যাস-সংযোগের দাবি পূরণের আশ্বাস দিলে আন্দোলনকারীরা অবরোধ ও ঘেরাও কর্মসূচি তুলে নেয়।মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমা বেগম বলেন, ‘আন্দোলনকারীদের দাবির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে।’ বাখরাবাদ গ্যাস ফিল্ডের উপমহাব্যবস্থাপক মো. শাহজাহান বলেন, ‘গ্যাস-সংযোগের বিষয়টি আমাদের কাছে নয়। এটার দাবি জানাতে হবে কুমিল্লার চাপাপুরে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কাছে।’