প্রধানমন্ত্রী প্রাথমিক শিক্ষক পুলের প্রস্তাব অনুমোদন করেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রতিটি উপজেলায় প্রাথমিক শিক্ষক পুল গঠন করে ২০ হাজার খণ্ডকালীন শিক্ষক নিয়োগের প্রস্তাবে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বৃহস্পতিবার এ অনুমোদন দেওয়ার কথা নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষাসচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান।সচিব বলেন, এখন এ প্রস্তাবটি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে। আগামী জানুয়ারি থেকে খণ্ডকালীন শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে বলে জানান তিনি।সম্প্রতি প্রতিটি উপজেলা বা থানায় গড়ে ৪০ জন হিসেবে প্রায় ২০ হাজার খণ্ডকালীন সহকারী প্রাথমিক শিক্ষকের সমন্বয়ে পুল গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। এসব শিক্ষক সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন কারণে ছুটিতে থাকা শিক্ষকদের পরিবর্তে দায়িত্ব পালন করবেন। পুলে নিয়োগ পাওয়া শিক্ষক মাসে তিন হাজার টাকা সম্মানী পাবেন। প্রতিবছর এ কর্মসূচি বাস্তবায়নে সরকারের ৭২ কোটি টাকা ব্যয় হবে। শিক্ষকের অভাবে প্রাথমিক বিদ্যালয়ে পাঠদানে যাতে বিঘ্ন না ঘটে, সে জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।