প্রধানমন্ত্রী বিচার বিভাগে হস্তক্ষেপ করছেন: মির্জা ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর মামলা দ্রুত নিষ্পত্তি করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যের প্রতিবাদে বিএনপি আজ শনিবার বিকেল তিনটার দিকে মুক্তাঙ্গনে বিক্ষোভ সমাবেশ করেছে। বিএনপি একই দাবিতে একই কর্মসূচি আজ সারা দেশে পালন করে।বিক্ষোভ সমাবেশে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন, সেটি সরাসরি বিচার বিভাগের প্রতি হস্তক্ষেপ। এই সরকার একের পর এক প্রতিষ্ঠানকে নষ্ট করছে। এতে গণতন্ত্র হুমকির মুখে পড়বে।’কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী কৃষক পানির দামে সার পাচ্ছে বলে যে বক্তব্য দিয়েছেন, তাঁর সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, মানুষ পানির দামে সার পাচ্ছে না। এখন বস্তাপ্রতি ইউরিয়া সারের দাম ৬০০ টাকা। কিন্তু বিএনপির সময়ে তা ৩০০ টাকায় পাওয়া যেত।এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার অভিযোগ করেন, এই সরকারের আমলে প্রায় সাড়ে তিন লাখ অপরাধীদের বিভিন্নভাবে বাঁচানো হয়েছে। অনেক বড় সন্ত্রাসীকে কারাগার থেকে মুক্ত করা হয়েছে। তারা এখন দেশে যা ইচ্ছা, তা-ই করছে। রাষ্ট্রের আইন নয়, দেশ চলছে আওয়ামী লীগের আইনে।বিএনপির ওই বিক্ষোভ সমাবেশে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বক্তব্য দেন।