জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অভিযোগ
প্রধানমন্ত্রী বিচার বিভাগের ওপর প্রভাব বিস্তারের অপচেষ্টা চালাচ্ছেন
আজ রোববার ফোরামের কেন্দ্রীয় কমিটি আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ফোরামের সভাপতি রফিকুল ইসলাম মিয়া এ অভিযোগ করেন।সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রফিকুল ইসলাম মিয়া বলেন, মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রীর এ তাগিদ বিচার বিভাগের ওপর সরাসরি হস্তক্ষেপ এবং স্বাভাবিক বিচার প্রক্রিয়ায় বিঘ্ন সৃষ্টির অপচেষ্টা। তিনি দাবি করেন, বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দুই ছেলে তারেক ও কোকোর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার অভিযোগে কোথাও বলা নেই যে তাঁরা বিদেশ থেকে টাকা এনেছেন বা বিদেশে অর্থ পাচার করেছেন। রফিকুল ইসলাম মিয়া আরও বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্য স্পষ্টভাবে প্রমাণ করে যে দুদক প্রধানমন্ত্রীর নির্দেশ ও হস্তক্ষেপে তারেক-কোকোকে রাজনৈতিকভাবে হেয় করতে তাঁদের বিরুদ্ধে মামলা করেছে। সংসদীয় কার্য প্রণালি বিধি অনুসারে, বিচারাধীন বিষয়ে জাতীয় সংসদেও আলোচনার সুযোগ নেই। রফিকুল ইসলাম মিয়া অভিযোগ করেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে একে একে অকার্যকর করার কাজে লিপ্ত আছে। কার্যত দেশে একদলীয় শাসন চলছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, দেশে একদলীয় শাসন কায়েমের ষড়যন্ত্র চলছে। রাষ্ট্রপতি কর্তৃক কয়েকজন ফাঁসির আসামির সাজা মওকুফ ও আওয়ামী লীগের মন্ত্রী কর্তৃক তাদের সংবর্ধনা দেওয়ায় দেশের মানুষ স্তম্ভিত। এ ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ২০ এপ্রিল সারা দেশে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে। দেশের সব জেলা বার ইউনিটকে কর্মসূচি পালনের আহ্বান জানান ফোরামের নেতারা। সংবাদ সম্মেলনে আইনজীবী ফোরামের মহাসচিব মাহাবুব উদ্দিন খোকন, সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি জয়নুল আবেদিন, আইনজীবী নিতাই রায় চৌধুরী, তৈমুর আলম খন্দকার, কায়সার কামাল, রাগিব রউফ চৌধুরী, জাকির হোসেন ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।