বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অভিযোগ করে বলেছেন, প্রধানমন্ত্রী ভারতের কাছে দেশ বিক্রি করে এসেছেন। বাংলাদেশ-ভারত যৌথ ঘোষণাকে প্রত্যাখ্যান করে তিনি বলেন, ওটা আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের সঙ্গে ভারত সরকারের ইশতেহার। গতকাল রোববার বিকেলে গুলশানের কার্যালয়ে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া। তিনি জাতীয় স্বার্থে ভারতের সঙ্গে করা চুক্তির বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে শরিক হতে সবার প্রতি আহ্বান জানান।প্রধানমন্ত্রীর ভারত সফর সম্পর্কে বিএনপির অবস্থান তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী বলেন, যে সমঝোতা ভারতের সঙ্গে করা হয়েছে, সেই ক্ষমতা জনগণ এই সরকারকে দেয়নি। তিনি ভারত-বাংলাদেশ চুক্তি ও সমঝোতা স্মারকগুলো জনগণের সামনে প্রকাশের দাবি জানান।এক প্রশ্নের জবাবে খালেদা জিয়া বলেন, চুক্তির বিষয়ে এখনো তাঁরা কিছু জানেন না। এই চুক্তি স্বার্থবিরোধী হলে বিএনপি ক্ষমতায় এলে তা বাতিল করবে। তিনি বলেন, যৌথ ইশতেহারে যা উল্লেখ আছে, তাতে স্পষ্ট যে প্রধানমন্ত্রীর ভারত সফরে যা কিছু হয়েছে, তাতে ভারত শতভাগ লাভবান হয়েছে। আর এই সফরে বাংলাদেশ শুধু ব্যর্থই হয়নি বরং চরম ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই এর বিরুদ্ধে আন্দোলন করা হবে। বিষয়টি রাজনৈতিক। তাই রাজপথেই মোকাবিলা করা হবে।লিখিত বক্তব্যে বিএনপির চেয়ারপারসন বলেন, বিএনপি ভারতবিদ্বেষী নয় ; তবে দেশের স্বার্থ বিসর্জন দিয়ে সবকিছুকে শুধু ভারতমুখী, ভারতকেন্দ্রিক ও ভারতীয় স্বার্থের অনুকূল করার নীতির বিরোধী। বিরোধী দলকে সংসদে এসে কথা বলার জন্য প্রধানমন্ত্রীর আহ্বানের জবাবে তিনি বলেন, ‘আমার প্রশ্ন, ভারতের কাছে দাসখত দিয়ে আসার পর আর আলোচনার অবকাশ কোথায়?’ তবে পরিবেশ তৈরি হলে সংসদে যাওয়ার কথাও জানান বেগম জিয়া। তিনি বলেন, ভারত সফরে যাওয়ার আগে জাতীয় স্বার্থ ও সব স্পর্শকাতর বিষয়ে আলোচনা করে একটি জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করা প্রধানমন্ত্রীর কর্তব্য ছিল। কিন্তু তা না হওয়ায় স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় আন্দোলন গড়ে তোলা ছাড়া জনগণের সামনে আর কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রীর এমন সমঝোতাকে আওয়ামী লীগের করা ২৫ বছরের ‘গোলামি চুক্তি’র চেয়েও বিপজ্জনক বলে উল্লেখ করেন তিনি।বিরোধীদলীয় নেত্রী জনগণের উদ্দেশে বলেন, ‘যে যেখানে আছেন, সচেতন হোন। বিষয়গুলো গভীরভাবে বোঝার চেষ্টা করুন। পরস্পরের মধ্যে মতবিনিময় করুন। প্রতিরোধের প্রস্তুতি নিন। দেশপ্রেমিক সব ব্যক্তি, গোষ্ঠী, সামাজিক শক্তি ও রাজনৈতিক দলের প্রতি আমার আহ্বান, দেশ ও মানুষ বাঁচাবার সংগ্রামে শরিক হোন। জাতীয় ঐক্য গড়ে তুলুন।’ তিনি বলেন, ইতিমধ্যে আন্দোলনের কর্মসূচি নেওয়া হয়েছে। ধাপে ধাপে এ কর্মসূচি এগিয়ে যাবে। এ বিষয়ে ছাত্র, যুবক, শ্রমিক, নারী, ব্যবসায়ী ও পেশাজীবীদের সঙ্গে পর্যায়ক্রমে কথা বলা হবে। খালেদা জিয়া বলেন, প্রধানমন্ত্রী দিল্লি থেকে খালি হাতে ফিরেছেন। অথচ দেশের যা কিছু দেওয়ার ছিল, সবই ভারতকে উজাড় করে দিয়ে এসেছেন। তিনি বলেন, ভারতের হাতে সবকিছু তুলে দিয়ে ঢাকা ফেরার পর শাসক দল তাঁকে সংবর্ধনা দেওয়ার নাম করে জনগণকে আরও বেশি কষ্ট দিয়েছে। প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানাতে পারে ভারত, বাংলাদেশ নয়।বন্দর ব্যবহার প্রসঙ্গে: সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য সম্পর্কে বিরোধীদলীয় নেত্রী বলেন, সেখানে প্রধানমন্ত্রী প্রকৃত সত্য ও তথ্য জানানোর চেয়ে বিরোধী দলকে অসংযত ভাষায় আক্রমণ করেছেন। অসত্য তথ্যও দিয়েছেন। খালেদা জিয়া বলেন, চট্টগ্রাম ও মংলা বন্দর যথাক্রমে ৪০ ও ১০ শতাংশ বর্তমানে ব্যবহার করা হচ্ছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন। কিন্তু এটা চট্টগ্রামের ক্ষেত্রে প্রায় ৬০ এবং মংলা বন্দরের ক্ষেত্রে প্রায় ৪০ শতাংশ। তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমরা নাকি দিল্লিতে গিয়ে পানির কথা তুলতে ভুলেই গিয়েছিলাম। আমি এই অসত্য উক্তি ও অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি।’খালেদা জিয়া বলেন, ‘প্রধানমন্ত্রী সম্পূর্ণ অসত্য তথ্য তুলে ধরে বলেছেন, আমরা সরকারে থাকতে নাকি টিপাইমুখ প্রকল্পের ব্যাপারে কখনো কোনো প্রতিবাদ করিনি। প্রকৃত সত্য হচ্ছে, আমরা বারবার প্রতিবাদ করেছি।’ফ্লাড অ্যাকশন প্ল্যান (ফ্যাপ) বিএনপির সময় মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছিল—প্রধানমন্ত্রীর দেওয়া এমন তথ্য সম্পর্কে বিরোধীদলীয় নেত্রী বলেন, এই তথ্যও সম্পূর্ণ অসত্য। ১৯৮৮ সালের বন্যার পর এরশাদ সরকার বিশ্বব্যাংকসহ দেশি-বিদেশি কিছু প্রতিষ্ঠানকে এ কাজ দিয়েছিল। এ ধরনের প্রতিবেদন মন্ত্রিসভায় আসার প্রশ্নই উঠে না।যেসব ইস্যুতে সরকার ব্যর্থ: খালেদা জিয়া বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্য দিয়ে প্রবাহিত ৫৪টি অভিন্ন নদ-নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের ব্যাপারে সফরে কোনো অগ্রগতিই হয়নি। তিস্তা নদীর পানিবণ্টন নিয়ে চুক্তি হয়নি। যৌথ ইশতেহারে এ নিয়ে ভবিষ্যতে বৈঠকের আশ্বাস মিলেছে মাত্র। তাঁর অভিযোগ, পানির হিস্যার বিষয়টি পুরোপুরি ভারতের করুণার ওপর ছেড়ে দেওয়া হয়েছে।খালেদা জিয়া বলেন, ভারতের সঙ্গে যৌথ উদ্যোগে শুধু রবি ঠাকুরের জন্মজয়ন্তী উদ্যাপনের সিদ্ধান্ত নিয়ে এসেছেন প্রধানমন্ত্রী। অথচ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান আমাদের রণ সংগীত। তাঁর প্রতি এই ঔদাসীন্য বাংলাদেশের জনগণকে হতবাক করেছে।সাবেক প্রধানমন্ত্রী বলেন, এই সফরে প্রধানমন্ত্রী ভারতকে বাংলাদেশের সমুদ্রবন্দর, সড়ক, রেল, নৌপথ সবকিছু একতরফাভাবে ব্যবহারের সম্মতি দিয়ে এসেছেন। নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ লাভে ভারতের প্রতি বাংলাদেশের আগাম সমর্থন জানিয়েছেন। বাংলাদেশের জন্য আরেক মরণফাঁদ টিপাইমুখ বাঁধ নির্মাণের সবুজ সংকেত দিয়ে এসেছেন। ভারতকে সব মাধ্যমে স্থায়ীভাবে ট্রানজিট সুবিধা দিয়েছেন। এর ফলে দেশের সার্বভৌমত্বই শুধু ক্ষুণ্ন হচ্ছে না, দীর্ঘ মেয়াদে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার ব্যবস্থাও পাকাপোক্ত করা হয়েছে।খালেদা জিয়া বলেন, ‘টিপাইমুখে ভারতের বাঁধ নির্মাণের তোড়জোড়ে সারা বাংলাদেশ প্রবল উত্কণ্ঠায় আছে। অথচ প্রধানমন্ত্রী তাঁর সংবাদ সম্মেলনে বলেছেন, এ সম্পর্কে কিছুই তিনি জানেন না। কী ভয়াবহ কথা! এই অজ্ঞতা ক্ষমাহীন, এই নির্লিপ্ততা অমার্জনীয়।’ তিনি বলেন, প্রধানমন্ত্রী শুধু একটি পুরোনো আশ্বাস হাতে করে ফিরে এসেছেন।তিনটি চুক্তির বিষয়বস্তু প্রকাশের দাবি জানিয়ে খালেদা জিয়া বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরকালে তিনটি চুক্তি, একটি সমঝোতা স্মারক ও একটি প্রটোকল সই হয়েছে বলে জানানো হয়েছে। এসবের মধ্যে কী আছে সে সম্পর্কে দেশবাসী পুরোপুরি অন্ধকারে আছে। প্রধানমন্ত্রীর ভারত সফরকালে একটি গোপন নিরাপত্তা চুক্তিও সই হয়েছে বলে সংবাদপত্রে খবর বেরিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা এ ব্যাপারে সরকারের স্পষ্ট বক্তব্য দাবি করছি।’খালেদা জিয়া বলেন, ভারতকে এত কিছু দেওয়ার বিনিময়ে দেশের প্রাপ্তির ঘরে ১০০ কোটি ডলার ঋণসহায়তার আশ্বাস মিলেছে। অথচ এ ধরনের দ্বিপাক্ষিক ঋণের সুদ অনেক বেশি। এ ছাড়া ভারত ভবিষ্যতে বাংলাদেশের কাছে ২৫০ মেগাওয়াট বিদ্যুত্ বিক্রির আশ্বাস দিয়েছে, যা পেতে অন্তত তিন বছর লাগবে।খালেদা জিয়ার অভিযোগ, সরকারের সঙ্গে ভারতের এত বন্ধুত্ব সত্ত্বেও সেই পানি সমস্যার কোনো সমাধান হলো না। সমুদ্রসীমা নির্ধারণ নিয়ে কোনো মীমাংসা নেই। সীমান্তে আমাদের নাগরিকদের নির্মম হত্যাকাণ্ড এখনো অবাধে প্রায় প্রতিদিনই চলছে। ভারতের বাজারে রপ্তানিযোগ্য বাংলাদেশি পণ্যেও শুল্কমূল্য প্রবেশাধিকারে বাধা রয়েই গেছে। তিন বিঘা করিডোর নিয়েও কোনো সমাধান পাওয়া যায়নি। খালেদা জিয়া বলেন, বিএনপি আঞ্চলিক ভিত্তিতে বহুপাক্ষিক ‘কানেকটিভিটি’র বিপক্ষে নয়। সেই কানেকটিভিতে নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, চীন, মিয়ানমার, থাইল্যান্ডসহ বন্ধুপ্রতিম সব দেশকে যুক্ত করতে হবে। তিনি বলেন, সেই লক্ষ্য পূরণে এশিয়ান হাইওয়ের সুনির্দিষ্ট রোডম্যাপ বিএনপি অনুমোদন করে এসেছে। আজ সেটাও পরিবর্তন করে শুধু ভারতকে করিডোর দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।