প্রধানমন্ত্রী ভিয়েতনাম ও লাওস সফরে যাচ্ছেন কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিয়েতনাম ও লাওসে ছয় দিনের সরকারি সফরে কাল শুক্রবার হ্যানয়ের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর বাসসের। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের উড়োজাহাজ সকাল সাড়ে সাতটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে।জানা গেছে, সফরের প্রথমে তিনি ২ থেকে ৪ নভেম্বর পর্যন্ত ভিয়েতনাম সফর করবেন। সেখান থেকে নবম এশিয়া-ইউরোপ মিটিং সামিট অব হেডস অব স্টেট অ্যান্ড গভর্নমেন্টে (এএসইএম৯) যোগদানের জন্য লাওস যাবেন। ৫ ও ৬ নভেম্বর তিনি লাওসে অবস্থান করবেন।পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, শেখ হাসিনা কাল ভিয়েতনামের নেতাদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন এবং দুই দেশের মধ্যে চুক্তি সম্পাদন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এ ছাড়া তিনি ভিয়েতনামের প্রেসিডেন্ট ট্রুং তান সাং, কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এনগুয়েন ফু ট্রং এবং জাতীয় পরিষদের চেয়ারম্যান এনগুয়েন সিনহ হুংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন।প্রধানমন্ত্রী এনগুয়েন তান দুং বাংলাদেশের প্রধানমন্ত্রীর সৌজন্যে নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩ নভেম্বর হো চি মিনের স্মৃতিস্তম্ভ এবং জাতীয় বীর ও শহীদদের স্মৃতিসৌধ পরিদর্শন ও তাতে পুষ্পস্তবক অর্পণ করবেন। পরে তিনি একটি ব্যবসাসংক্রান্ত সেমিনারে যোগ দেবেন এবং শিল্প এলাকা ও কৃষি অঞ্চল ঘুরে দেখবেন। ৪ নভেম্বর লাওসের রাজধানী ভিয়েনতিয়ানের উদ্দেশে তিনি হ্যানয় ত্যাগ করবেন।ওই দিনই প্রধানমন্ত্রী লাওসের প্রেসিডেন্ট প্রাসাদে ওই দেশের নেতাদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। ৫ নভেম্বর জাতীয় সম্মেলন কেন্দ্রে নবম এএসইএম শীর্ষ সম্মেলনে অংশ নেবেন তিনি।এশিয়া ও ইউরোপীয় দেশগুলোর ৪৮ জাতি ফোরামের এবারের শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ‘শান্তির জন্য বন্ধুত্ব, সমৃদ্ধি অর্জনে অংশীদারি’। এর লক্ষ্য, এশীয় ও ইউরোপীয় দেশগুলোর মধ্যে পারস্পরিক সমঝোতা, শান্তি, স্থিতিশীলতা উন্নয়ন ও অগ্রগতি বৃদ্ধি।এই সম্মেলনে এশিয়া ও ইউরোপের নেতারা অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে কথা বলার সুযোগ পাবেন। বিশেষ করে, পরস্পরের মধ্যে খাদ্য ও জ্বালানিনিরাপত্তা, টেকসই উন্নয়ন, আর্থিক সংকট, জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, সামাজিক-সাংস্কৃতিক সহযোগিতা ইত্যাদি বিষয়ে আলোচনা করবেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সম্মেলনের প্লানারি অধিবেশনেও অংশ নেবেন বলে কথা রয়েছে।বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজে ৭ নভেম্বর প্রধানমন্ত্রী দেশে ফিরবেন।