প্রধানমন্ত্রী ভিয়েতনাম থেকে লাওসের পথে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর ভিয়েতনাম সফর শেষে আজ রোববার লাওসের উদ্দেশে হ্যানয় ছেড়েছেন। বিমান বাংলাদেশের একটি বিশেষ ফ্লাইটে স্থানীয় সময় বিকেল চারটা ৫৫ মিনিটে তিনি ও তাঁর সফরসঙ্গীরা হ্যানয়ের নই বাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেন। খবর বাসসের।প্রধানমন্ত্রী ৫ ও ৬ নভেম্বর লাওসের রাজধানীতে অনুষ্ঠেয় সরকার ও রাষ্ট্রপ্রধানদের নবম এশীয় ইউরোপ শীর্ষ সম্মেলনে (এএসইএম-৯) যোগ দেবেন।বিমানটি লাওসের স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় ভিয়েনতিয়ানের বাত্যয় আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।এশীয় ও ইউরোপীয় দেশগুলোর ৪৮ জাতি ফোরামের এবারের শীর্ষ সম্মেলনের মূল প্রতিপাদ্য হলো ‘শান্তির জন্য বন্ধুত্ব, সমৃদ্ধি অর্জনে অংশীদারি’। লক্ষ্য, এশীয় ও ইউরোপীয় দেশগুলোর মধ্যে পারস্পরিক সমঝোতা, শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন ও অগ্রগতি বৃদ্ধি।এই সম্মেলনে এশিয়া ও ইউরোপের নেতারা অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে কথা বলার সুযোগ পাবেন। বিশেষ করে পরস্পরের মধ্যে খাদ্য ও জ্বালানিনিরাপত্তা, টেকসই উন্নয়ন, আর্থিক সংকট, জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, সামাজিক-সাংস্কৃতিক সহযোগিতা প্রভৃতি বিষয়ে আলোচনা করবেন।শীর্ষ সম্মেলনের অংশ হিসেবে ৭ নভেম্বর শেখ হাসিনা লাওসের প্রধানমন্ত্রী থনসুং থাম্মাভংয়ের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন।একই দিন তিনি প্রেসিডেন্ট প্যালেসে লাওসের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন। সেদিনই প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা।