প্রধানমন্ত্রী যাচ্ছেন তাই হরতাল প্রত্যাহার!
পটুয়াখালীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা আজ সোম ও কাল মঙ্গলবারের ডাকা হরতাল প্রত্যাহার করা হয়েছে। বিএনপি ও ১৮ দলীয় জোটের হরতাল প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান মোশাররফ হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘রাজনীতিতে এ ধরনের সংস্কৃতি থাকা ভালো। জোটের নেতাদের ধন্যবাদ।’পটুয়াখালী জেলা ১৮ দলীয় জোটের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শাহাদাৎ হোসেন মৃধা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল রোববার হরতাল প্রত্যাহারের কথা জানানো হয়েছে।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ১৯ মার্চ (মঙ্গলবার) পটুয়াখালী সফরে আসবেন। তিনি পটুয়াখালী সদর ও দশমিনা উপজেলায় কিছু উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। যেহেতু আমরা উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করি, তাই পটুয়াখালী জেলার গণমানুষের কথা বিবেচনা করে ১৮ দলীয় জোট পটুয়াখালী জেলা শাখার সভার সিদ্ধান্ত মোতাবেক হরতাল স্থানীয়ভাবে প্রত্যাহার করা হলো।ওই সংবাদ বিজ্ঞপ্তির বিষয়টি জানেন না পটুয়াখালী পৌর বিএনপির সভাপতি মাকসুদ আহমেদ বায়েজিদ। তবে তিনি বলেন, ‘প্রশাসন থেকে আমাদের হরতাল না করার অনুরোধ জানালে আমরা হরতাল পালন না করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছি।’স্থানীয় আওয়ামী লীগ জানায়, মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী পটুয়াখালীর দশমিনার বাঁশবাড়িয়াতে দেশের বৃহৎ বীজ উৎপাদন খামার ‘দক্ষিণ উপকূলীয় অঞ্চলে (বরিশাল ও পটুয়াখালী) বীজ বর্ধন খামার স্থাপন’ প্রকল্পের উদ্বোধন করবেন। পরে তিনি পটুয়াখালীর দুমকি উপজেলার পায়রা নদীর ওপর লেবুখালী সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এ ছাড়া পটুয়াখালীর কৃষি বিমান অবতরণক্ষেত্রে জনসভায় ভাষণ দেবেন।