প্রধানমন্ত্রী রাশিয়া পৌঁছেছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাশিয়া, বেলজিয়াম ও জাপানে তাঁর ১২ দিনব্যাপী সফরের প্রথম পর্যায়ে আজ সোমবার স্থানীয় সময় বিকেল চারটায় রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন।রাশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম সাইফুল হক, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ‘টাইগার ন্যাচারাল হ্যাবিটেট’ সম্মেলনের আয়োজকেরা বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।এ ছাড়া রাশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও ফুলের পাপড়ি ছিটিয়ে ও ফুলের তোড়া উপহার দিয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। পরে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রা সহকারে অতিথি ভবনে নিয়ে যাওয়া হয়।রাতে প্রধানমন্ত্রী সেন্ট পিটার্সবার্গে বাংলাদেশের অনারারি কনসালের দেওয়া এক নৈশভোজে যোগদান করবেন।বাংলাদেশের প্রধানমন্ত্রী কাল মঙ্গলবার রাশিয়ায় বৈশ্বিক ‘টাইগার ন্যাচারাল হ্যাবিটেট’ সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দেবেন এবং রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন ও চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। তিনি স্থানীয় সময় বেলা সোয়া তিনটায় বাঘ সম্মেলনে ভাষণ দেবেন।এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাশিয়ার প্রধানমন্ত্রীর দেওয়া ওয়ার্কিং লাঞ্চে যোগ দেবেন। বাসস।