প্রধানমন্ত্রী রাশিয়ার উদ্দেশে রওনা হয়ে গেছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাশিয়া, বেলজিয়াম ও জাপান সফরের লক্ষ্যে গতকাল রোববার ঢাকা ত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে এমিরেটসের একটি বিমান গতকাল রাত সোয়া নয়টার দিকে ঢাকা ত্যাগ করেছে। তিনি দুবাই ও লন্ডন হয়ে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছাবেন। খবর বাসস ও ইউএনবির।জাতীয় সংসদের উপনেতা সাজেদা চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, শ্রম, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, সেনাবাহিনী ও নৌবাহিনীর প্রধানেরা ও বিমানবাহিনীর উপপ্রধান অন্যান্যের মধ্যে বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।প্রধানমন্ত্রী তিন দেশে তাঁর ১২ দিনের সফরে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠানরত বিশ্ব বাঘ সম্মেলনে যোগ দেবেন এবং রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন ও চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।২৮ নভেম্বর প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু হবে। তিনি ২৯ নভেম্বর প্রধানমন্ত্রী নাওতো কানের সঙ্গে বৈঠক করবেন। সম্রাট আকিহিতোর সঙ্গেও দেখা করবেন। পাঁচ দিনের জাপান সফরে তিনি একাধিক বিনিয়োগ সম্মেলনে ভাষণ দেবেন এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা), জাপান এক্সটার্নাল ট্রেড অরগানাইজেশন ও জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিআইসি) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।এ ছাড়া প্রধানমন্ত্রী ব্রাসেলসে ইউরোপিয়ান ইউনিয়ন কাউন্সিলের প্রেসিডেন্ট ভন রমপাই, ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট জোসে ম্যানুয়েল বারোসো ও বেলজিয়ামের প্রধানমন্ত্রী ইভস লেটেমের সঙ্গে পৃথক বৈঠক করবেন।