প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া
সর্বশেষ নির্বাচনের পর দুই বছর পার হয়েছে। এ সময়ে নানা কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার নাম আলোচনা ও বিতর্কে ফিরে ফিরে এসেছে। ক্ষমতা গ্রহণের পরপরই বিডিআর বিদ্রোহের প্রবল ধকল যায় সরকারের ওপর। এরপর বিগত সময়কালে ছাত্রলীগের দৌরাত্ম্য ও দ্রব্যমূল্য নিয়ে অনেকটা চাপের মুখে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবার এ বছর সেনানিবাসের বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আলোচনার শীর্ষে উঠে আসেন বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া। জরিপে দেখা যাচ্ছে, জনপ্রিয়তার নিরিখে দুই নেত্রীর অবস্থানই শক্ত। দুবারের জরিপেই বেশ ভালো অবস্থানে রয়েছেন দুই নেত্রী। তবে তুলনামূলকভাবে দুজনের মধ্যে শেখ হাসিনার অবস্থান খালেদা জিয়ার চেয়ে ভালো। দুই নেত্রীর মধ্যে কাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান, এ প্রশ্নের জবাবে ৪৮ শতাংশ উত্তরদাতা শেখ হাসিনার পক্ষে সমর্থন জানিয়েছেন, খালেদা জিয়াকে সমর্থন করেছেন ৪০ শতাংশ। ৯ শতাংশ বলেছেন, দুজনের কাউকেই না। উত্তর দেননি ৩ শতাংশ উত্তরদাতা।