প্রধানমন্ত্রী সেনাবাহিনীর ভাবমূর্তিতে কালিমা লেপন করতে চাইছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাবাহিনীর ভাবমূর্তিতে কালিমা লেপন করতে চাইছেন। খালেদা জিয়া নির্বাচনে ভোট চুরি করার জন্য সেনা মোতায়েন করতে চেয়েছিলেন প্রধানমন্ত্রীর এ ধরনের উক্তি অত্যন্ত ক্ষতিকর। আজ শুক্রবার রাজধানীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘গণতন্ত্র, স্বাধীনতা ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে ৭ নভেম্বরের চেতনা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় খন্দকার মোশাররফ এসব কথা বলেন।গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারে জেল হত্যা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ অভিযোগ করেছিলেন। শেখ হাসিনা বলেছিলেন, খালেদা জিয়া চেয়েছিলেন, সেনাবাহিনী যেন ভোট চুরি করে তাঁদের জিতিয়ে দেয়। তিনি প্রশ্ন তুলে বলেন, ‘সেনাবাহিনীকে কেন ভোট চুরির কাজে ব্যবহার করতে চান? নারায়ণগঞ্জে কী এমন ঘটনা ঘটেছে যে সেখানে সেনাবাহিনী মোতায়েন করতে হবে? সেনাবাহিনী নামলেই কি ওনার প্রার্থীকে চুরি করে জিতিয়ে দিতেন?’এর জবাবে খন্দকার মোশাররফ বলেন, সেনাবাহিনী অনেক নির্বাচনে দায়িত্ব পালন করেছে। কখনো ভোট চুরি করেনি। জাতীয় ও আন্তর্জাতিকভাবে সেনাবাহিনীর যে সুনাম রয়েছে প্রধানমন্ত্রী তা ক্ষুণ্ন করেছেন।নারায়ণগঞ্জের নির্বাচনে খালেদা জিয়া সেনা মোতায়েনের দাবি করেননি। প্রার্থীদের দাবির ভিত্তিতে নির্বাচন কমিশন সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছিল। কেন সেনা মোতায়েন করা হয়নি—তার সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করে খন্দকার মোশাররফ বলেন, প্রধানমন্ত্রী এ বিষয়ে সুস্পষ্ট বক্তব্য না দিয়ে অবান্তর কথা বলছেন। নরসিংদীর মেয়র লোকমান হোসেনের হত্যাকাণ্ডকে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের ফল হিসেবে মন্তব্য করেছেন খন্দকার মোশাররফ। তিনি বলেন, এ হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করতে বিএনপির নেতা খায়রুল কবির খোকনকে কোনো রকম মামলা বা গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া গ্রেপ্তার করা হয়েছে। সরকার উদর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে।