প্রধানমন্ত্রী হওয়াই রাজনীতিকের একমাত্র লক্ষ্য হতে পারে না: রাহুল গান্ধী
ভারতে কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধী বলেছেন, ‘প্রধানমন্ত্রী হওয়াই কোনো রাজনীতিকের একমাত্র লক্ষ্য হতে পারে না। দেশ গড়াই হবে তাঁর মূল লক্ষ্য। আর প্রধানমন্ত্রী হয়েই দেশের সব সমস্যার সমাধান করা সম্ভব নয়। এ জন্য প্রয়োজন দেশবাসীর সার্বিক সহযোগিতা।’আজ মঙ্গলবার রাহুল গান্ধী প্রথমবারের মতো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শান্তি নিকেতনে এক অনুষ্ঠানে এ কথা বলেন। রাহুল গান্ধী তিন দিনের সফরে এখন পশ্চিমবঙ্গে আছেন। আজ প্রথম দিনে তিনি শান্তি নিকেতনের রবীন্দ্র ভবনে প্রায় হাজার খানেক ছাত্রছাত্রীর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। ছাত্রছাত্রীরা এ সময় তাঁকে ৩০টি প্রশ্ন করেন। এক প্রশ্নের জবাবে রাহুল গান্ধী বলেন, ‘দুর্নীতি ও ভ্রষ্টাচারের কথা বলে সস্তা হাততালি পাওয়া যায়। কিন্তু এটা বন্ধের জন্য প্রথমে আমাদের নিজেদেরই গড়তে হবে। নিজেরা গড়ে উঠতে পারলেই দেশ থেকে দুর্নীতি, ভ্রষ্টাচার দূর হবে। সম্মিলিত প্রচেষ্টা ছাড়া উত্তরণের কোনো পথ নেই।’ রাহুল গান্ধী পরে উৎসব ভবনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের তিন সাবেক আচার্য প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর স্মরণে একটি প্রদর্শনীর উদ্বোধন করেন। প্রদর্শনীতে রয়েছে এই তিন নেতার সঙ্গে বিশ্বভারতীর সম্পর্কের নানা নথি, চিঠি, টেলিগ্রাম ও আলোকচিত্র। প্রদর্শনী ঘুরে দেখার সময় পূর্বসূরিদের স্মৃতি দেখে রাহুল আবেগে আপ্লুত হয়ে পড়েন।