প্রধানমন্ত্রী ‘সাউথ সাউথ’ পুরস্কারে ভূষিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গতকাল সোমবার নিউইয়র্কে ‘বিশ্ব মহিলা ও শিশুস্বাস্থ্য’ উন্নয়নে অনন্য অবদানের জন্য ‘সাউথ সাউথ’ পুরস্কার প্রদান করা হয়েছে। জাতিসংঘ ইকনোমিক কমিশন ফর আফ্রিকা, জাতিসংঘ এন্টিগুয়া-বারবুডার স্থায়ী মিশন, আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন ও সাউথ সাউথ নিউজ যৌথভাবে ওই পুরস্কারের আয়োজন করে। এ পুরস্কারের প্রতিপাদ্য ছিল ‘ডিজিটাল হেলথ ফর ডিজিটাল ডেভেলপমেন্ট’।আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের সেক্রেটারি জেনারেল হামাদুন টোরা নিউইয়র্কের ওয়ালডর্ফ এস্টোরিয়া হোটেলে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ওই পুরস্কার তুলে দেন।ডোমিনিকান রিপাবলিকের প্রেসিডেন্ট লিওনেল ফারনান্দেজ, রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামি, সেনেগালের প্রেসিডেন্ট আবদুল্লা¬হ ওয়াদে এবং জনসন অ্যান্ড জনসনের ভাইস চেয়ার শেরি এনসিকয়কেও ওই পুরস্কারে ভূষিত করা হয়।পুরস্কার প্রদানকালে হামাদুন টোরে বলেন, মহিলা ও শিশুদের কল্যাণে তথ্যপ্রযুক্তির ব্যবহারের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ পুরস্কার দেওয়া হয়।অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের একটি বাণী পড়ে শোনানো হয়। অন্যান্যের মধ্যে জাতিসংঘ সাধারণ পরিষদের বর্তমান সভাপতি নাসির আবদুল আজিজ আল নাসের বক্তব্য দেন। বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানেরা এতে যোগ দেন।পুরস্কার গ্রহণ করে শেখ হাসিনা বলেন, এটি বাংলাদেশের জনগণ ও তাঁর সরকারের কঠোর পরিশ্রমের স্বীকৃতি। এই পুরস্কার দেশের জনগণকে উত্সর্গ করে তিনি বলেন, তাঁর সরকার প্রযুক্তির উত্কর্ষ সাধনের মাধ্যমে বাংলাদেশকে আগামী এক দশকের মধ্যে একটি মধ্য আয়ের দেশে পরিণত করতে চায়।অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী রুহুল হক, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ ও প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা হোসেন উপস্থিত ছিলেন। বাসস।