প্রধানমন্ত্রীই পাকিস্তান যাওয়ার চেষ্টা করতে পারেন: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাই পাকিস্তান বা তার আশপাশের কোনো দেশে চলে যাওয়ার চেষ্টা করতে পারেন। দেশকে সংকটে ফেলে বা সংকটকালীন তাঁর বিদেশ যাওয়ার অভ্যাস আছে। আমাদের নেত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অতীতে চাপ থাকা সত্ত্বেও জনগণকে ফেলে, দেশকে ফেলে বাইরে যান নাই।’গতকাল বুধবার স্বাধীনতা দিবসের এক আলোচনায় খালেদা জিয়ার পাকিস্তানে চলে যাওয়া উচিত বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে মির্জা ফখরুল এসব কথা বলেন।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং রাজধানীর বিভিন্ন কলেজের কিছু শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার দিনগুলোতে হরতাল না দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে। এ ব্যাপারে সাংবাদিকেরা বিএনপির প্রতিক্রিয়া জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ১৮ দলীয় জোটের পরবর্তী বৈঠকে এ নিয়ে সিদ্ধান্ত হবে।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সরকার বিএনপির কোনো দাবিকে গ্রাহ্য করছে না। তারা যেসব দাবি জানিয়েছে, তার ব্যাপারে কোনো উদ্যোগ নেই। সরকার এসব দাবি পূরণ না করলে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী যেসব কথা বলছেন, তা আওয়ামী লীগের অপরাজনীতির বহিঃপ্রকাশ এবং কৌশলে গদি রক্ষা করাই এর উদ্দেশ্য। মির্জা ফখরুল বলেন, এই সরকার হিংস্র হয়ে উঠেছে। হরতালে ৫৭৫ জন গ্রেপ্তার, ৯৩৫ জন আহতআজকের সন্ধ্যা ছয়টা পর্যন্ত হরতালে ১৯৩ জন আটক, ৩৫৭ জন আহত এবং ভ্র্যাম্যমাণ আদালত একজনকে সাজা দিয়েছে বলে দাবি করেছেন মির্জা ফখরুল। এ ছাড়া তিনি জানান, গত দুই দিনের টানা ৩৬ ঘণ্টা হরতালে সারা দেশে ৫৭৫ জন গ্রেপ্তার, ৯৩৫ জন আহত এবং ছয় জনকে এক বছর করে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।প্রেস ব্রিফিংয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমদ, সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ এবং শামীমুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।রাতে স্থায়ী কমিটির বৈঠকআজ রাতে বিএনপির স্থায়ী কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হবে। খালেদা জিয়ার সভাপত্বিতে চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে রাত আটটার দিকে এ বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। পরবর্তী আন্দোলন কর্মসূচি নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে জানা গেছে।