প্রধানমন্ত্রীকে আইনি নোটিশ তারেকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারেক রহমান সম্পর্কে দেওয়া একটি বক্তব্য প্রত্যাহার করতে প্রধানমন্ত্রীর প্রতি আইনি নোটিশ পাঠানো হয়েছে।বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আইনজীবী মাহবুব উদ্দিন খোকন আজ বুধবার ডাকযোগে রেজিস্ট্রি করে ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঠিকানায় এ নোটিশ পাঠান। নোটিশে বলা হয়, ‘গত ১ ডিসেম্বর মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এক সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া তাঁর ছেলেরা নাকি সত্ জীবনযাপন করে বলেছেন। যেদিন তিনি এ কথা বলেছেন, সেদিনই তাঁর ছেলেদের মানি লন্ডারিংয়ের টাকা দেশে ফেরত এসেছে। এ মামলা আওয়ামী লীগ সরকার করেনি। মামলা হয়েছে আমেরিকার কোর্টে। এই এলাকার অনেকেই প্রবাসে থাকেন। আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন, তাঁর ছেলে লন্ডনের কোন এলাকায় থাকে। কী গাড়ি ব্যবহার করে। কী রকম বিলাসবহুল জীবনযাপন করছে। কোথা থেকে এ টাকা আসে। দুর্নীতি ছাড়া এত টাকা কোথা থেকে আসবে?’নোটিশে উল্লেখ করা হয়, ‘প্রধানমন্ত্রী আরও বলেন, তাঁর ছেলেরা বিদেশে রেস্টুরেন্ট করেছে।...দামি গাড়ি কিনেছে। ভাঙা সুটকেস থেকে কি এসব টাকা বের হচ্ছে? বিএনপি ক্ষমতায় থাকাকালে মানি লন্ডারিং করে, এসব টাকা পাচার করে এখন লন্ডনে বিলাসবহুল জীবন যাপন করছে তারেক।’শেখ হাসিনাকে আইনি নোটিশ পাঠানো প্রসঙ্গে পরে আইনজীবী মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী অসত্য বক্তব্য দিয়েছেন। ২৮ দিনের মধ্যে ওই বক্তব্য প্রত্যাহার করে জনসম্মুখে ক্ষমা চাওয়ার জন্য তাঁর মক্কেল আইনি নোটিশে বলেছেন। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও আইনি নোটিশে বলা হয়েছে।