প্রধানমন্ত্রীকে আইনি নোটিশ দিয়েছেন তারেক রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনি নোটিশ দিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান। নোটিশে অর্থ পাচার নিয়ে তাঁর বিরুদ্ধে দেওয়া ‘অসত্য’ বক্তব্য প্রত্যাহারের দাবি জানান তারেক রহমান। এই বক্তব্যের জন্য ২৮ দিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা না চাইলে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আদালতে দেওয়ানি বা ফৌজদারি কার্যবিধি অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।তারেক রহমানের পক্ষে তাঁর আইনজীবী মাহবুব উদ্দিন খোকন গতকাল বুধবার রেজিস্ট্রি ডাকযোগে ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঠিকানায় নোটিশটি পাঠান। মাহবুব উদ্দিন খোকন নিজেই সাংবাদিকদের এ তথ্য জানান।গত ১ ডিসেম্বর মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্য উদ্ধৃত করে নোটিশে বলা হয়, ‘খালেদা জিয়া বলেছেন, তাঁর ছেলেরা নাকি সৎ জীবন যাপন করে। যেদিন তিনি এ কথা বললেন, সেদিনই তাঁর ছেলেদের মানি লন্ডারিংয়ের টাকা দেশে ফেরত এসেছে। এই মামলা আওয়ামী লীগ সরকার করেনি। মামলা হয়েছে আমেরিকার কোর্টে। এই এলাকার অনেকেই প্রবাসে থাকেন। আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন, তাঁর ছেলে লন্ডনের কোন এলাকায় থাকে। কী গাড়ি ব্যবহার করে। কী রকম বিলাসবহুল জীবন যাপন করছে। কোথা থেকে এই টাকা আসে? দুর্নীতি ছাড়া এত টাকা কোথা থেকে আসে?’ নোটিশে বলা হয়, শেখ হাসিনা আরও বলেছেন, ‘তাঁর ছেলেরা বিদেশে রেস্টুরেন্ট করেছে। বাড়ি করেছে। দামি গাড়ি কিনেছে। ভাঙা সুটকেস থেকে কি এসব টাকা বের হচ্ছে? বিএনপি ক্ষমতায় থাকাকালে মানি লন্ডারিং করে, এসব টাকা পাচার করে এখন লন্ডনে বিলাসবহুল জীবন যাপন করছে তারেক।’গণমাধ্যমে এসব বক্তব্য ব্যাপকভাবে প্রচারিত হয়েছে উল্লেখ করে নোটিশে বলা হয়, ‘এসব প্রতিবেদন পড়ে মনে হয়েছে, আপনি (শেখ হাসিনা) আমার মক্কেলের বিরুদ্ধে মানহানিমূলক বক্তব্য এবং অবমাননাকর মন্তব্য করেছেন।’আইনি নোটিশে তারেক রহমান অর্থ পাচার বা দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করছেন। বলেছেন, বাংলাদেশ ব্যাংক তাঁর কোনো টাকা ফেরত আনেনি। যুক্তরাষ্ট্রেও তাঁর বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগে কোনো মামলা হয়নি। লন্ডনে তাঁর কোনো রেস্তোরাঁ বা বাড়ি নেই। কেবল চিকিৎসার জন্য তিনি সেখানে অবস্থান করছেন এবং খুব সাধারণ জীবন যাপন করছেন।আইনজীবীর পাঠানো নোটিশে বলা হয়, ‘বিদেশে আমার মক্কেলের স্বনামে, কোনো স্বজনের নামে বা অন্য কোনো ব্যক্তির নামে কোনো সম্পত্তি নেই। তিনি বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি পূর্ণ সততা, স্বচ্ছতা ও আন্তরিকতা দিয়ে ব্যবসা পরিচালনা করেছেন। উপরন্তু, তিনি নিয়মিত কর দেন এবং তাঁর কোনো গোপন সম্পত্তি নেই। তিনি কখনো কোনো দুর্নীতি বা মানি লন্ডারিংয়ের সঙ্গে জড়িত ছিলেন না।’নোটিশে বলা হয়, ‘আমার মক্কেলের মতে, ওই বক্তব্য তাঁর সুনাম ক্ষুণ্ন করেছে, এর জন্য তাঁকে ব্যঙ্গ-বিদ্রূপ, অন্যায্য সমালোচনা আর ঘৃণার মুখে পড়তে হয়েছে।...এটা স্পষ্ট যে বিদ্বেষবশত মক্কেলের রাজনৈতিক ও ব্যবসায়িক সুনামের ক্ষতিসাধন করতে আপনি এই অসত্য বক্তব্যে প্রবৃত্ত হয়েছেন।’তিন পৃষ্ঠার নোটিশের শেষাংশে বলা হয়, ‘এই পরিস্থিতিতে মক্কেল দ্বারা নির্দেশিত হয়ে এই বক্তব্য প্রত্যাহারের দাবি জানাচ্ছি। নোটিশ প্রাপ্তির ২৮ দিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার দাবি জানাচ্ছি। অন্যথায় মক্কেল যথাযথ আদালতে আপনার বিরুদ্ধে দেওয়ানি বা ও ফৌজদারি কার্যবিধি অনুসারে ব্যবস্থা গ্রহণে বাধ্য হবেন।’