প্রধানমন্ত্রীকে আচরণ বদলাতে বলেছে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি সংসদে যেতে চায়। তবে এ জন্য প্রধানমন্ত্রী ও তাঁর দলীয় সাংসদদের আচার-আচরণ বদলাতে হবে। সংসদে বিরোধী দলকে উদ্দেশ করে তাঁদের মিথ্যাচার ও গালাগাল বন্ধ করতে হবে।রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল শুক্রবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত জানাতে এ সংবাদ সম্মেলন করা হয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে জানানো হয়, স্থায়ী কমিটির বৈঠকে জাতীয় সংসদের চলতি অধিবেশনে বিএনপির যোগ দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে গত বৃহস্পতিবার রাতে স্থায়ী কমিটির মুলতবি সভা শেষ হয়। এর আগে গত মঙ্গলবার রাতে কমিটির সভা শুরু হয়। এই সভার সিদ্ধান্তগুলো গতকাল সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। এ সময় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় উপস্থিত ছিলেন।বিএনপি সংসদে যাওয়ার ব্যাপারে এর আগে বিভিন্ন সময় নানা শর্ত দেয়।গতকাল সংবাদ সম্মেলনে এম কে আনোয়ার সংসদে বিএনপির না যাওয়ার কারণ তুলে ধরেন। তিনি বলেন, সরকারি দল বিরোধী দলকে সহ্য করতে পারে না। আগে তাদের বিরোধী দলকে সহ্য করার মানসিকতা গড়ে তুলতে হবে। এম কে আনোয়ার বলেন, ‘সংসদে জাতীয় সমস্যা নিয়ে কোনো আলোচনা এখন হয় না। সেখানে মিথ্যাচার ও কুৎসিত আলোচনা হয়। সরকারি দলের সদস্যরা গালাগাল করেন। সরকার যদি বিরোধী দলকে এ রকম চাপের মুখে রাখতে চায়, তাহলে আমরা সংসদে যাব কীভাবে?’এম কে আনোয়ার বলেন, সংসদ অধিবেশনে না গেলেও সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বিরোধী দলের সদস্যরা উপস্থিত থাকছেন। কেননা, সেখানে কথা বলার সুযোগ পাওয়া যায়। কথা বলতে গেলে সেখানে গালাগাল শুনতে হয় না।এর আগে ১৮ সেপ্টেম্বর বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছিলেন, সংসদের চলতি অধিবেশনে বিএনপি যোগ দেবে কি না, সে ব্যাপারে স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে।স্থায়ী কমিটির কয়েকজন সদস্য জানান, স্থায়ী কমিটির বৈঠকে বেশির ভাগ সদস্যই সংসদে যাওয়ার ব্যাপারে মত দিলেও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। বৈঠকে সংসদে যোগ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি চেয়ারপারসন খালেদা জিয়ার ওপর ছেড়ে দেওয়া হয়েছে।তবে দলীয় একটি সূত্রমতে, চলতি অধিবেশনে বিএনপির যোগ দেওয়ার আর সম্ভাবনা নেই।এর আগে সংসদের পঞ্চম অধিবেশনে জাতীয় বাজেট উপস্থাপনের আগে ২ জুন মাত্র ২৫ মিনিটের জন্য বিএনপি সংসদে যায়। এরপর থেকে তারা সংসদ অধিবেশনে আর যোগ দেয়নি। গত সোমবার শুরু হয়েছে ষষ্ঠ অধিবেশন। এর আগে দ্বিতীয় ও তৃতীয় অধিবেশনে টানা অনুপস্থিত ছিল বিরোধী দল। চতুর্থ অধিবেশনে অবশ্য কিছু দিন অংশ নেয় তারা। প্রাপ্ত তথ্যে দেখা যায়, নবম সংসদের পঞ্চম অধিবেশন পর্যন্ত মোট ১৫৮ কার্যদিবসের মধ্যে বিরোধী দলের সদস্যরা ১১৪ দিনই অনুপস্থিত ছিলেন। এর মধ্যে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া মাত্র পাঁচ দিন সংসদে উপস্থিত ছিলেন। ২০০৯ সালের ২৫ জানুয়ারি নবম জাতীয় সংসদ অধিবেশন শুরু হয়। ৩৪৫ আসনের এ সংসদে বিএনপির সদস্যসংখ্যা ৩৫ জন। জামায়াতে ইসলামী আর বিজেপির তিনজনসহ চারদলীয় জোটের বর্জনকারী মোট সদস্যসংখ্যা ৩৮ জন।কর্মসূচি: বিএনপির স্থায়ী কমিটির সভায় সাংগঠনিক কিছু কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়। এর মধ্যে রয়েছে আগামী ১০ অক্টোবর ‘শহীদ জেহাদ দিবস’ উপলক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ছাত্র গণজমায়েত। এতে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া প্রধান অতিথি থাকবেন। এ ছাড়া জুলুম, নির্যাতন, হয়রানি, মামলা, হামলা, অপহরণ, গুম, খুন, দ্রব্যমূল্য বৃদ্ধি, নিয়োগ-বাণিজ্য, ভারতের সঙ্গে চুক্তি, বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ, প্রশাসনকে দলীয় স্বার্থে ব্যবহারের প্রতিবাদে দলের কেন্দ্রীয় নেতারা ১ অক্টোবর থেকে মাসব্যাপী থানায় থানায় সাংগঠনিক সফর, গণসংযোগ ও সমাবেশ করবেন। এরপর বৃহত্তর জেলা সদরে খালেদা জিয়ার সমাবেশ হবে।সভার সিদ্ধান্ত: স্থায়ী কমিটির সভার সিদ্ধান্তে বলা হয়, আদালতের দোহাই দিয়ে সরকার সংবিধান সংশোধনের যে উদ্যোগ নিয়েছে, তা দেশকে সাংবিধানিক সংকটের দিকে ঠেলে দেবে। তবে সভায় পঞ্চম ও সপ্তম সংশোধনী বাতিল নিয়ে আলোচনা হয়নি।সিদ্ধান্তে আরও বলা হয়, ফাঁসির দণ্ডপ্রাপ্ত ২০ আসামির সাজা মওকুফ করা আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় বাধা। এ ছাড়া সরকারদলীয় সাংসদ নুরুন্নবী চৌধুরীকে হত্যা মামলা থেকে বাঁচাতে সরকারদলীয় ও প্রশাসনের কর্মকাণ্ড নিরপেক্ষ তদন্তের ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে। নুরুন্নবীর পক্ষে পুলিশ কমিশনারের বক্তব্যকে সভায় এখতিয়ারবহির্ভূত বলে উল্লেখ করা হয়।সভার সিদ্ধান্তে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বেহাল অবস্থা, কমিউনিটি ক্লিনিকে আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিয়োগ দেওয়ার চিন্তা, চট্টগ্রাম বন্দরের অচলাবস্থা, ভারতের সঙ্গে দেশবিরোধী চুক্তি বাস্তবায়নের চেষ্টা, গোয়েন্দা সংস্থা কর্তৃক ঢাকা সিটি করপোরেশনের কাউন্সিলর চৌধুরী আলমকে আটক ও তারপর নিখোঁজ হওয়া, বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা, হামলা ও বিদেশ যেতে না দেওয়া এবং প্রশাসনের ওপর হস্তক্ষেপের ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়। সভায় বন্যার্তদের পাশে থাকতে দলীয় নেতা-কর্মীদের আহ্বান জানানো হয়।