প্রধানমন্ত্রীকে আরও ১৫ দিন সময় দিলেন তারেক
তারেক রহমান সম্পর্কে একটি বক্তব্য প্রত্যাহার করতে আজ বুধবার প্রধানমন্ত্রীকে আরও ১৫ দিন সময় দিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।এর আগে ২ জানুয়ারি বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আইনজীবী মাহবুব উদ্দিন খোকন ডাকযোগে রেজিস্ট্রি করে ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঠিকানায় এ বিষয়ে একটি নোটিশ পাঠান। শেখ হাসিনাকে আইনি নোটিশ পাঠানো প্রসঙ্গে তখন আইনজীবী মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের বলেছিলেন, প্রধানমন্ত্রী অসত্য বক্তব্য দিয়েছেন। আইনি নোটিশে তাঁর মক্কেল ২৮ দিনের মধ্যে ওই বক্তব্য প্রত্যাহার করে জনসমক্ষে ক্ষমা চাইতে বলেছেন। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও আইনি নোটিশে বলা হয়েছে।আজ বুধবার সকালে এ বিষয়ে আরেকটি নোটিশ ডাকযোগে রেজিস্ট্রি করে ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঠিকানায় পাঠানো হয়েছে বলে জানান মাহবুব উদ্দিন খোকন। পরে তিনি প্রথম আলো ডটকমকে বলেন, তাঁর মক্কেলের নির্দেশনা অনুসারে আরও ১৫ দিন সময় বাড়িয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীকে পাঠানো প্রথম নোটিশে গত ১ ডিসেম্বর মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্য উদ্ধৃত করা হয়: ‘খালেদা জিয়া বলেছেন, তাঁর ছেলেরা নাকি সত্ জীবন যাপন করে। যেদিন তিনি এ কথা বললেন, সেদিনই তাঁর ছেলেদের মানি লন্ডারিংয়ের টাকা দেশে ফেরত এসেছে। এই মামলা আওয়ামী লীগ সরকার করেনি। মামলা হয়েছে আমেরিকার কোর্টে। এই এলাকার অনেকেই প্রবাসে থাকেন। আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন, তাঁর ছেলে লন্ডনের কোন এলাকায় থাকে। কী গাড়ি ব্যবহার করে। কী রকম বিলাসবহুল জীবন যাপন করছে। কোথা থেকে এই টাকা আসে? দুর্নীতি ছাড়া এত টাকা কোথা থেকে আসে?’ নোটিশে বলা হয়, শেখ হাসিনা আরও বলেছেন, ‘তাঁর ছেলেরা বিদেশে রেস্টুরেন্ট করেছে। বাড়ি করেছে। দামি গাড়ি কিনেছে। ভাঙা সুটকেস থেকে কি এসব টাকা বের হচ্ছে? বিএনপি ক্ষমতায় থাকাকালে মানি লন্ডারিং করে, এসব টাকা পাচার করে এখন লন্ডনে বিলাসবহুল জীবন যাপন করছে তারেক।’গণমাধ্যমে এসব বক্তব্য ব্যাপকভাবে প্রচারিত হয়েছে উল্লেখ করে নোটিশে বলা হয়, ‘এসব প্রতিবেদন পড়ে মনে হয়েছে, আপনি (শেখ হাসিনা) আমার মক্কেলের বিরুদ্ধে মানহানিমূলক বক্তব্য ও অবমাননাকর মন্তব্য করেছেন।’আইনি নোটিশে তারেক রহমান অর্থ পাচার বা দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক তাঁর কোনো টাকা ফেরত আনেনি। যুক্তরাষ্ট্রেও তাঁর বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগে কোনো মামলা হয়নি। লন্ডনে তাঁর কোনো রেস্তোরাঁ বা বাড়ি নেই। কেবল চিকিত্সার জন্য তিনি সেখানে অবস্থান করছেন এবং খুব সাধারণ জীবন যাপন করছেন।আইনজীবীর পাঠানো নোটিশে বলা হয়, ‘বিদেশে আমার মক্কেলের স্বনামে, কোনো স্বজনের নামে বা অন্য কোনো ব্যক্তির নামে কোনো সম্পত্তি নেই। তিনি বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি পূর্ণ সততা, স্বচ্ছতা ও আন্তরিকতা দিয়ে ব্যবসা পরিচালনা করেছেন। উপরন্তু, তিনি নিয়মিত কর দেন এবং তাঁর কোনো গোপন সম্পত্তি নেই। তিনি কখনো কোনো দুর্নীতি বা মানি লন্ডারিংয়ের সঙ্গে জড়িত ছিলেন না।’নোটিশে বলা হয়, ‘আমার মক্কেলের মতে, ওই বক্তব্য তাঁর সুনাম ক্ষণ্ন করেছে, এর জন্য তাঁকে ব্যঙ্গ-বিদ্রূপ, অন্যায্য সমালোচনা আর ঘৃণার মুখে পড়তে হয়েছে।...এটা স্পষ্ট যে বিদ্বেষবশত আমার মক্কেলের রাজনৈতিক ও ব্যবসায়িক সুনামের ক্ষতিসাধন করতে আপনি এই অসত্য বক্তব্যে প্রবৃত্ত হয়েছেন।’