প্রধানমন্ত্রীকে কাল সংবর্ধনা দেবে ছাত্রলীগ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কাল বৃহস্পতিবার সংবর্ধনা দেবে বাংলাদেশ ছাত্রলীগ। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সংবর্ধনা দেওয়া হবে। শেখ হাসিনার ৩১তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস, গণতন্ত্র রক্ষায় তাঁর ভূমিকা এবং সাম্প্রতিক সময়ে সমুদ্রজয় উপলক্ষে এই সংবর্ধনা।ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ এম বদিউজ্জামান প্রথম আলোকে জানান, ছাত্রজীবন থেকেই রাজনীতিতে জড়িত ছিলেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু হত্যার পর ১৯৮১ সালের ১৭ মে তিনি দেশে ফেরেন। এরপর এ দেশের গণতন্ত্র রক্ষা, ভোট ও ভাতের অধিকার রক্ষায় তিনি নিরলস ভূমিকা রেখে চলছেন। প্রধানমন্ত্রী হিসেবে পার্বত্য শান্তিচুক্তি, গঙ্গার পানি চুক্তিসহ বিভিন্ন অবদান রয়েছে তাঁর। এ ছাড়া সাম্প্রতিক সময়ে তাঁর নেতৃত্বে সমুদ্রজয় হয়েছে। ৩১তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস এবং সমুদ্রজয় উপলক্ষে কাল প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দেওয়া হবে।ছাত্রলীগ সূত্রে জানা গেছে, কাল বেলা আড়াইটায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হবে। এরপর দেশাত্মবোধক গান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে একটি গান ও নৃত্য হবে। এরপর শেখ হাসিনার কর্মময় জীবন নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হবে। এরপর শেখ হাসিনাকে উদ্দেশ করে একটি মানপত্র পাঠ করা হবে। এই সংবর্ধনায় এভারেস্ট-জয়ী মুসা ইব্রাহিম, জাতীয় দলের একজন ক্রিকেটার এবং ফুটবলার এমিলি উপস্থিত থাকবেন।ছাত্রলীগের এই সংবর্ধনায় যোগ দিতে দেশের ছাত্রলীগের ৮৫টি জেলা ইউনিটের প্রতিটি থেকে নেতা-কর্মীরা উপস্থিত থাকবেন। ছাত্রলীগের নেতা-কর্মীরা বলছেন, এই সংবর্ধনাকে স্মরণকালের বৃহত্ সমাবেশে পরিণত করা হবে।১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু হত্যার পর দীর্ঘদিন প্রবাসে ছিলেন শেখ হাসিনা। ১৯৮১ সালের ১৭ মে তিনি দেশে ফিরে আসেন।