প্রধানমন্ত্রীকে গোল রক্ষার পরামর্শ দিলেন মির্জা ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজের গোল রক্ষা করার পরামর্শ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের ইস্যু নিয়ে প্রধানমন্ত্রী ফুটবল খেলার কেরি কাটতে শুরু করেছেন। কিন্তু জনগণ আপনাকে ডিফেন্সে ঢুকতে দেবে না। নিজের গোল নিজেই রক্ষা করুন।’হরতালে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ ৪৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিরুদ্ধে আজ রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সেখানেই মির্জা ফখরুল এসব কথা বলেন। সম্প্রতি বিবিসি বাংলা রেডিওকে দেওয়া এক সাক্ষাত্কারে প্রধানমন্ত্রী বলেছেন, আগামী নির্বাচনের সময় অন্তর্বর্তী মন্ত্রিসভা গঠন করা হবে। সেই মন্ত্রিসভায় বিএনপিও থাকতে পারবে। এ জন্য তারা পার্লামেন্টে প্রস্তাব দিতে পারে। শেখ হাসিনা বলেন, ‘সবাই মিলে একটি ছোট মন্ত্রিসভা করে আমরা নির্বাচন করতে পারি।’এদিকে প্রধানমন্ত্রীর এ প্রস্তাব প্রত্যাখ্যান করে মির্জা ফখরুল আবারও বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন হতে হবে। কেননা এখানে কেউ কাউকে বিশ্বাস করে না। ১৯৯৫ সালেও এ ধরনের একটি মন্ত্রিসভার প্রস্তাব করা হয়েছিল। কিন্তু তখন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা বলেছিলেন, খালেদা জিয়ার অধীনে তাঁরা নির্বাচনে যাবেন না । ‘এখন তাঁরা কীভাবে আশা করেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকবেন আর বিএনপি তাঁর অধীনে ডুগডুগি বাজিয়ে নির্বাচনে যাবে।’ প্রস্তাব প্রত্যাখ্যান করলেও এখনো বিএনপি সংলাপে রাজি আছে জানিয়ে তিনি বলেন, বিএনপি সংলাপে বিশ্বাসী। তবে সবার আগে প্রধানমন্ত্রীকে আগামী নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে হবে বলে ঘোষণা দেওয়ার দাবি জানান। ওই সরকারের প্রধান কে হবেন, তা নিয়ে আলোচনায় বসা যেতে পারে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, এটি না হলে ঈদের পর কঠোর আন্দোলন শুরু হবে। এ আন্দোলনকে প্রতিহত করার কোনো শক্তি এ সরকারের থাকবে না।বর্তমান সরকার গণতান্ত্রিক ব্যবস্থা এবং মানুষের বিচার পাওয়ার অধিকার ধ্বংস করে দিচ্ছে অভিযোগ করে তিনি বলেন, আদালতে অভিযুক্ত ব্যক্তিকে কথা বলার ন্যূনতম সুযোগ দেয়া হয় না। অভিযোগ পড়ে শোনানো হয় না। বিবাদীর আইনজীবীরা বক্তব্য রাখার সুযোগ পান না। এগুলো কোনো সভ্য দেশের আদালতের চিত্র হতে পারে না। এটি বর্বর সরকারের কাজ এবং এ দেশে এটিই চলছে। এদিকে সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে বেলা একটা পর্যন্ত চলা এ সমাবেশের কারণে দলীয় কার্যালয়ের সামনের সড়কের এক পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে পল্টন, ফকিরাপুল, কাকরাইলসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।