প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক আটক
পত্রিকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের ফাঁসির রায় কার্যকরের সংবাদ পড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে আজ বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশাসন ভবন থেকে একজন সাংবাদিককে আটক করা হয়েছে। আটক সাংবাদিকের নাম হুমায়ুন কবীর। তিনি দৈনিক খবরপত্র-এর রাজশাহীর ব্যুরোপ্রধান বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শীরা বলেন, হুমায়ুন কবীর বিজ্ঞাপনসংক্রান্ত কাজে সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরে আসেন। এ সময় তিনি সেখান থেকে একটি পত্রিকা হাতে নিয়ে বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসির রায় কার্যকরের সংবাদ পড়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কটূক্তি করেন। তখন সেখানে উপস্থিত জনসংযোগ দপ্তরের কর্মকর্তা শফিকুল ইসলাম শাহাজাদা এবং কর্মচারী হাবিবুর রহমান ওরফে মুকুল এর প্রতিবাদ করলে হুমায়ুন তাঁদের সঙ্গে অশালীন আচরণ করেন। একপর্যায়ে তিনি পাঁচ মিনিটের মধ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে বিভিন্নজনকে ফোন করতে শুরু করেন। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য এম নূরুল্লাহ সেখানে যান। তিনি সাংবাদিক হুমায়ুনকে আটকের নির্দেশ দেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া ও মতিহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।