হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মঈনদ্দিন রুহি বলেছেন, ‘গণমাধ্যম ও তথাকথিত সুশীল সমাজের লোকজন ১৩ দফা দাবি বিকৃত করে উপস্থাপন করছে। প্রধানমন্ত্রীও ব্লাসফেমি (ধর্ম অবমাননা) আইন করবেন না বলে মন্তব্য করেছেন। প্রধানমন্ত্রী জনগণের মতামতকে উপেক্ষা করতে পারবেন না। জনমত আমলে নিয়েই তাঁকে ব্লাসফেমি আইন প্রণয়ন করতে বাধ্য করা হবে।’আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের লালখান বাজার জামেয়াতুল উলুম মাদ্রাসায় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মঈনদ্দিন রুহি।বিবিসির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাত্কারের বক্তব্য নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী। এ সময় সংগঠনটির কেন্দ্রীয় নায়েবে আমির হাফেজ তাজুল ইসলাম, ইজহারুল ইসলাম চৌধুরী, মঈনদ্দিন রুহি প্রমুখ উপস্থিত ছিলেন।লাখো জনতার মনোভাব প্রধানমন্ত্রীর কাছে মূল্য পায় নাসংবাদ সম্মেলনে বলা হয়, প্রধানমন্ত্রী বিবিসির সঙ্গে সাক্ষাত্কারে ধর্ম অবমাননাকারীদের জন্য নতুন আইন প্রণয়ন করবেন না বলে জানিয়েছেন। প্রধানমন্ত্রী আরও বলেছেন, হেফাজতের যে দাবিগুলো গ্রহণযোগ্য নয়, তা গ্রহণ করা হবে না। এ থেকে স্পষ্ট বোঝা যায়, প্রধানমন্ত্রীর দর্শন ও আদর্শের ভিত্তিতে একটি নিজস্ব মাপকাঠি রয়েছে, যার বিচারে তিনি হেফাজতের দাবিগুলোর গ্রহণযোগ্য ও অগ্রহণযোগ্য ধারা নির্ণয় করছেন। লাখ লাখ জনতার মনোভাব (সেন্টিমেন্ট) তাঁর কাছে মূল্য পায় না।১৩ দফা দাবির মধ্যে রাজনৈতিক উচ্চাভিলাষ নেইপ্রধানমন্ত্রীকে ‘উগ্র’ ধর্মনিরপেক্ষতার বলয় থেকে বেরিয়ে এসে তৌহিদি জনতার কাতারে শামিল হওয়ার জন্য সংবাদ সম্মেলনে আহ্বান জানানো হয়। এতে বলা হয়, হেফাজতের ১৩ দফা দাবির মধ্যে কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ নেই। সারা দেশে যে ধর্মীয় মনোভাব জাগ্রত হয়েছে, তা গুরুত্বের সঙ্গে সরকারের উচ্চপর্যায়ে থেকে অনুধাবন করা হবে বলে সংবাদ সম্মেলনে বলা হয়। আ.লীগের সন্ত্রাসীরা হেফাজতের কর্মীদের ওপর হামলা চালিয়েছেসংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, গতকাল হেফাজতের হরতালের কর্মসূচিতে সরকারদলীয় ক্যাডার ও গুন্ডাপান্ডা লেলিয়ে দেওয়া হয়। বলা হয়, চট্টগ্রামের ওয়াসা মোড়ে শান্তিপূর্ণ হরতাল কর্মসূচি চলাকালে সরকারি দলের ক্যাডার ও সন্ত্রাসী বাহিনী উদ্দেশ্যমূলকভাবে হেফাজতের কর্মীদের ওপর হামলা চালিয়েছে। সন্ত্রাসীদের গুলিতে হেফাজতের ৫০ জন কর্মী আহত হন, যাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহত লোকজনেদের একজন লালখান বাজার মাদ্রাসার ছাত্র, যিনি মৃত্যুর সঙ্গে লড়ছেন। সোমবারের ঘটনার জন্য যুবলীগ নেতা দিদারুল আলম ও তাঁর বাহিনীর সদস্যদের দায়ী করা হয়। এই বাহিনীর সদস্যদের আশ্রয় দিচ্ছেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর। এ ছাড়া সোমবারের হরতাল কর্মসূচিতে ফটিকছড়ি, পটিয়া, আনোয়ারাসহ সারা দেশে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হেফাজতের কর্মীদের ওপর হামলা চালিয়েছে। এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।