প্রধানমন্ত্রীকে ভয় দেখানোর অভিযোগ ভিত্তিহীন
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভয়ভীতি দেখানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে খন্দকার মোশাররফ এ দাবি করেন। প্রধানমন্ত্রীকে ভয়ভীতি দেখানো ও মানহানির অভিযোগ এনে সম্প্রতি এ বি সিদ্দিকী নামে এক ব্যক্তি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা করার পরিপ্রেক্ষিতে তিনি এ সংবাদ সম্মেলন করেন।মোশাররফের দাবি, ‘গত ৩১ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে একটি অবস্থান কর্মসূচিতে দেওয়া আমার বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা দিয়ে এ মামলা করা হয়েছে। সেদিন আমি প্রধানমন্ত্রী বা কোনো ব্যক্তিকে ভয়ভীতি দেখানো হয় বা মানহানি হয়, এমন কোনো মন্তব্য করিনি।’ ওই বক্তব্যের উল্লেখ করে মোশাররফ বলেন, ‘সেদিন আমি বলেছিলাম, আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারপদ্ধতি বাতিল করে ষড়যন্ত্রের মাধ্যমে আবারও ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। ১৯৭৫ সালে আওয়ামী লীগ বাকশাল কায়েম করে ক্ষমতা চিরস্থায়ী করার স্বপ্ন দেখেছিল। সে স্বপ্ন বাস্তবায়িত হয়নি। বর্তমান সরকারও যদি জোর করে ক্ষমতায় থাকতে চায়, তাহলে ৭৫-এর মতো এবারও তাদের সে স্বপ্ন বাস্তবায়িত হবে না।’ এ বক্তব্যের কারণে মামলা করায় বিস্ময় প্রকাশ করেন মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘বক্তব্যের কারণে যদি মামলার আসামি হতে হয়, তাহলে দেশে গণতন্ত্র ও বাকস্বাধীনতা আছে কি না, তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।’