প্রধানমন্ত্রীকে ভুল বোঝানো হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শান্তিতে নোবেলজয়ী অর্থনীনিতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তাঁর সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভুল বোঝানো হয়েছে। প্রধানমন্ত্রী ভ্রান্ত ধারণা থেকে তাঁর সমালোচনা করেছেন। আজ বৃহস্পতিবার বিবিসিকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি এ কথা বলেন। সাংবাদিক লেসলি কারওয়েন ওই সাক্ষাত্কার নেন। এক প্রশ্নের জবাবে মুহাম্মদ ইউনূস বলেন, প্রধানমন্ত্রীকে তাঁর ও গ্রামীণ ব্যাংকের ব্যাপারে ভুল বোঝানো হয়েছে। সে অনুযায়ী তিনি পদক্ষেপ নিয়েছেন।ড. ইউনূস বলেন, প্রধানমন্ত্রী যদি প্রকৃত সত্য জানতেন তাহলে তিনি তাঁর ও গ্রামীণ ব্যাংকের সমালোচনা করতেন না। খবর বিবিসি অনলাইন ও ইউএনবির।ইউনূসের বিরুদ্ধে গ্রামীণ ব্যাংকের তহবিল স্থানান্তরের অভিযোগ ওঠার পর গত ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, গরিব মানুষের রক্ত চুষে খেলে ধরা খেতে হয়। গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণ কর্মসূচি দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখেনি বলেও মনে করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘কোথাও তো দরিদ্র মানুষের উন্নয়ন হয়নি। দরিদ্র মানুষকে দেখিয়ে শুধু টাকা নিয়ে আসা হয়েছে।’সাক্ষাত্কারে গ্রামীণ ব্যাংক থেকে সদ্য বিদায় নেওয়া ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউনূস প্রধানমন্ত্রীর এসব সমালোচনা নাকচ করে দেন। আইনি লড়াইয়ে হেরে গত ১২ মে পদত্যাগের পর এই প্রথম কোনো সংবাদমাধ্যমে বক্তব্য দিলেন ইউনূস।কেন্দ্রীয় ব্যাংক গত ২ মার্চ গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব থেকে ইউনূসকে অব্যাহতি দেয়। অনুমোদন না নিয়ে পদে অধিষ্ঠিত হওয়ার কারণে তাঁকে অব্যাহতি দেওয়া হয়। সরকারি এ সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে গিয়ে হেরে যান শান্তিতে নোবেল বিজয়ী ইউনূস। এরপর পদত্যাগ করেন তিনি।উল্লেখ্য, তিন দশক আগে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাকাল থেকেই ইউনূস এ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন।