প্রধানমন্ত্রীকে রাখাইন পরিস্থিতি জানালেন মিয়ানমার রাষ্ট্রদূত
বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত মিও মিন্ট থান আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। সাক্ষাত্কালে রাষ্ট্রদূত মিয়ানমারের রাখাইন রাজ্যে সম্প্রতি ঘটে যাওয়া জাতিগত সহিংসতার পর ওই রাজ্যের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে বলেন, মিয়ানমারের সরকার সহিংসতার ঘটনা তদন্তে একটি শক্তিশালী তদন্ত কমিশন গঠন করেছে। এই কমিশন সহিংস ঘটনার কারণ উদঘাটন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়ানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবে। অ্যাম্বাসেডর এট-লার্জ এম জিয়াউদ্দিন, মুখ্য সচিব শেখ এম ওয়াহিদ উজ জামান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্ল¬া ওয়াহিদুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন।রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে জানান, মিয়ানমারের সরকার আন্তরিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে এবং বর্তমানে তা প্রশাসনের পুরো নিয়ন্ত্রণে আছে।প্রধানমন্ত্রী বলেন, প্রতিবেশী হিসেবে বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের বিশেষ সম্পর্ক বিদ্যমান। তিনি বলেন, মিয়ানমারের প্রেসিডেন্টের পরবর্তী ঢাকা সফরের অপেক্ষায় আছে বাংলাদেশ ।শেখ হাসিনা আরও বলেন, বাংলাদেশ ও মিয়ানমার উভয়কে দুদেশের নাগরিকদের সমৃদ্ধির স্বার্থে সুসম্পর্ক বজায় রাখতে হবে। তিনি রাখাইন রাজ্যে জাতিগত সহিংসতা সাফল্যের সঙ্গে মোকাবিলা করায় মিয়ানমারের সরকারের প্রশংসা করেন। সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত হলেই শান্তি প্রতিষ্ঠিত হবে, উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অচিরেই মিয়ানমারের শরণার্থীদের ফিরিয়ে নেওয়ার কাজ শুরু হবে বলে তাঁর দৃঢ় বিশ্বাস। তিনি রাখাইন ও চিন রাজ্য থেকে বিদ্যুৎ আমদানির প্রস্তাবটি অনুমোদন করায় মিয়ানমারের প্রশংসা করেন।