প্রধানমন্ত্রীকে সার্ক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে সপ্তদশ সার্ক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের বিশেষ দূত ইব্রাহিম হোসেন জাকি আজ শনিবার গণভবনে প্রধানমন্ত্রীর কাছে আমন্ত্রণপত্রটি পৌঁছে দিয়েছেন। ইব্রাহিম হোসেন জাকি গতকাল শুক্রবার রাতে ঢাকায় আসেন। তিনি আজ বিকেলে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন। রাতেই তিনি ঢাকা ছাড়বেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মালদ্বীপের প্রেসিডেন্টের দক্ষিণ এশিয়া-বিষয়ক বিশেষ দূত ইতিমধ্যেই ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির কাছে সার্ক শীর্ষ সম্মেলনের আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছেন। জোটের অন্য দেশগুলোর সরকারপ্রধানের হাতে নিমন্ত্রণপত্র পৌঁছে দেবেন সার্কের সাবেক মহাসচিব ইব্রাহিম হোসেন জাকি। প্রসঙ্গত, এ বছরের ১০ ও ১১ নভেম্বর মালদ্বীপের পর্যটন শহর আদুতে অনুষ্ঠিত হবে সপ্তদশ সার্ক শীর্ষ সম্মেলন।