প্রধানমন্ত্রীকে সেন্টপিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটির সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মানবিক উন্নয়নে অসামান্য অবদান রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে রাশিয়ায় উচ্চশিক্ষার ক্ষেত্রে সবচেয়ে পুরোনো প্রতিষ্ঠান সেন্ট পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটি। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের রেক্টর নিকোলাই এম ক্রোপাচেভ শেখ হাসিনার হাতে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রির সনদ তুলে দেন। প্রধানমন্ত্রী এ ডিগ্রিকে বাংলাদেশ ও তাঁর ১৬ কোটি জনগণের জন্য এক বিরল সম্মান হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, ‘এ ডিগ্রি দেশ ও জনগণকে সেবা দিতে আমার দৃঢ়তা ও সংকল্পকেই আরও জোরদার করবে। এ দিনটির কথা আমি কতৃজ্ঞতার সঙ্গে সারা জীবন স্মরণে রাখব।’শেখ হাসিনা বাংলা ভাষায় পাঠদানের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রশংসা করেন এবং এ লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতা বাড়ানোসহ তাঁর সরকারের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দেন।দারিদ্র্যকে বাংলাদেশের উন্নয়নের সবচেয়ে বড় শত্রু উল্লে¬খ করে শেখ হাসিনা বলেন, অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা তাঁর বর্তমান সরকার শিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেছে। কেননা তাঁর সরকার বিশ্বাস করে, শুধু শিক্ষাই সামাজিক ব্যাধি নির্মূল করতে পারে। রেক্টর বলেন, ‘আন্তর্জাতিক মানবিক উন্নয়নে অসামান্য অবদানের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মানজনক এ ডক্টরেট ডিগ্রি দিয়ে ইউনিভার্সিটি গর্ব বোধ করছে।’অনুষ্ঠানে ইউনিভার্সিটির ডিন, ফেকাল্টি মেম্বার ও ছাত্রছাত্রীরা অংশ নেন। এ ডিগ্রি দেওয়ায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।—বাসস