প্রধানমন্ত্রীকে স্বেচ্ছায় ক্ষমতা ছাড়তে খন্দকার মাহবুবের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। আজ বুধবার হরতাল কর্মসূচি চলাকালে সুপ্রিম কোর্টের প্রধান ফটকে অবস্থান নিয়ে তিনি এ আহ্বান জানান। খন্দকার মাহবুব হোসেন শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, ‘আর বাড়াবাড়ি করবেন না, স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিন। জোর করে ক্ষমতায় থাকলে তার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ।’ একই সঙ্গে তিনি তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল ও মধ্যবর্তী নির্বাচন দেওয়ার আহ্বান জানান। সকাল ১০টার দিকে সরকারবিরোধী আইনজীবীরা জাতীয়বাদী আইনজীবী ফোরামের ব্যানারে সুপ্রিম কোর্টের দক্ষিণ হলে সমবেত হন। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষে সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি রফিকুল ইসলাম মিয়া, মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, নিতাই রায়চৌধুরী, জয়নুল আবেদিনের নেতৃত্বে অর্ধশতাধিক আইনজীবী মিছিল নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে জড়ো হন। এ সময় তাঁরা সরকারবিরোধী ও হরতালের পক্ষে বিভিন্ন ধরনের স্লোগান দেন। বেলা ১১টার দিকে আইনজীবীরা সুপ্রিম কোর্টের প্রধান ফটক থেকে বের হতে চাইলে পুলিশের বাধার মুখে পড়েন। তাত্ক্ষণিকভাবে তাঁরা মূল ফটকের সামনে অবস্থান নেন। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ সময় জাতীয়বাদী আইনজীবী ফোরামের সভাপতি রফিকুল ইসলাম মিয়া বলেন, ‘সুপ্রিম কোর্ট গণতন্ত্রের প্রতীক। হরতালে বাধা দিয়ে জনগণের সঙ্গে বেইমানি করবেন না। এ জন্য জনগণের কাছে জবাবদিহি করতে হবে।’বেলা সাড়ে ১১টার দিকে প্রধান ফটকের কাছে অবস্থান নিয়ে বিএনপি সমর্থক আইনজীবীরা হরতালের সমর্থনে সমাবেশ করেন। এ সময় বক্তারা কোকোকে সাজা ও তারেককে মিথ্যা মামলায় জড়ানোর প্রতিবাদ জানান। তাঁরা বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ছাড়া সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে না। দুপুর ১২টার দিকে সমাবেশ শেষে মিছিল নিয়ে আইনজীবীরা সমিতি ভবনের দিকে ফিরে আসেন।