প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা মামলা: পরবর্তী শুনানি ২৬ নভেম্বর
গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা-সংক্রান্ত রাষ্ট্রদ্রোহ মামলায় পরবর্তী শুনানির তারিখ আগামী ২৬ নভেম্বর ধার্য করেছেন আদালত। আজ বুধবার এ মামলায় সাক্ষ্য নেওয়ার দিন ধার্য ছিল।সকালে মামলার এজাহারভুক্ত আসামি নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের নেতা মুফতি আবদুল হান্নান মুন্সিসহ সংগঠনের সাতজন নেতা-কর্মীকে গোপালগঞ্জের আদালতে হাজির করা হয়। জামিনে থাকা দুই আসামি মাওলানা রফিকুল ইসলাম ও মাওলানা আমিরুল ইসলাম আদালতে হাজির না থাকায় সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়নি। তাঁদের আইনজীবী আদালতে সময় প্রার্থনা করলে আগামী ২৬ নভেম্বর শুনানির জন্য পরবর্তী তারিখ ধার্য করেন ভারপ্রাপ্ত অতিরিক্ত জেলা ও দায়রা জজ মেহেদী আল মাসুদ।আদালত সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ৩ জানুয়ারি মামলার প্রথম শুনানি হয়। আসামি ও সাক্ষীরা নির্ধারিত দিনে হাজির না হওয়ার কারণে এখন পর্যন্ত মামলার ৫০ জন সাক্ষীর মধ্যে মাত্র দুজনের সাক্ষ্য নেওয়া সম্ভব হয়েছে। আজ প্রথমবারের মতো মামলার বাদী পুলিশের অপরাধ দমন বিভাগের সাবেক সহকারী পুলিশ সুপার মুন্সি আতিকুর রহমান আদালতে সাক্ষ্য দিতে এসেছিলেন।