প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে নড়াইলে মামলা দায়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শাহ মোয়াজ্জেম হোসেন ও স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাফিজ খান মিলন। ১ আগস্ট সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুসরাত জেরীনের আদালতে মামলাটি দায়ের করা হয়।মামলার বিবরণে বলা হয়েছে, ২৫ জুলাই বিকেল পাঁচটায় মুক্তাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জনসভায় শাহ মোয়াজ্জেম হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকি দিয়ে বলেন, ‘আপনার বাবার যে পরিণতি হয়েছে, আপনারও তাই হবে।’ ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেন, ‘আপনার বাবা একদলীয় শাসনব্যবস্থা কায়েম করায় আল্লাহর নির্দেশে ওপরে চলে গেছেন। আপনিও আপনার বাবার পরিণতির কথা চিন্তা করেন।’ পরদিন বিভিন্ন জাতীয় দৈনিকে এ খবর প্রকাশিত হয়। বাদী অভিযোগ করেন, আসামিরা প্রধানমন্ত্রীকে হত্যার প্রস্তুতি গ্রহণ করেছেন বা ১৫ আগস্টের মতো আরেকটি কলঙ্কজনক হত্যাকাণ্ডের ষড়যন্ত্রে লিপ্ত আছেন। আদালত ১২ আগস্টের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।