প্রধানমন্ত্রীকে ‘ইমপ্রেস চলচ্চিত্র অ্যালবাম’ উপহার
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড এবং চ্যানেল আই প্রযোজিত ও পরিবেশিত চলচ্চিত্রগুলোর তথ্য নিয়ে বেরিয়েছে বই ‘ইমপ্রেস চলচ্চিত্র অ্যালবাম’। গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বইটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং পরিচালক ও বার্তা বিভাগের প্রধান শাইখ সিরাজ। এ সময় তাঁরা ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড প্রযোজিত মুক্তিযুদ্ধের ওপর নির্মিত আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর ডিভিডির একটি সেটও প্রধানমন্ত্রীকে উপহার দেন।চ্যানেল আই সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র নির্মাণে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ভূমিকার প্রশংসা করেন। তিনি সুস্থধারা ও মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র নির্মাণে ভবিষ্যতে সরকারি সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ এবং বাংলাদেশ আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সিআরআইয়ের প্রধান নির্বাহী মাহবুবুল হক।