প্রধানমন্ত্রীকে ‘তিন কন্যা’র ঈদের উপহার
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘তিন কন্যা’ রুনা, রত্না ও আসমা স্বামীসহ গতকাল সোমবার সন্ধ্যায় গণভবনে তাঁর সঙ্গে দেখা করেছেন। তাঁরা প্রধানমন্ত্রীকে জায়নামাজ, কোরআন শরিফ ও হাতের তৈরি মসজিদের রেপ্লিকা উপহার দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তাঁদের ঈদের উপহার দেন।পুরান ঢাকার নিমতলীর ভয়াবহ অগ্নিকাণ্ডে রুনা, রত্না ও আসমা তাঁদের পরিবারের অধিকাংশ সদস্যকে হারান। সেদিন রুনার বাগদান হওয়ার কথা ছিল। বাকি দুজনের বিয়ে আগেই ঠিক হয়ে ছিল। পরে প্রধানমন্ত্রী এই তিনজনকেই নিজের কন্যা হিসেবে বিয়ে দেন। রুনা, রত্না ও আসমা প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আপনার ভালোবাসা ও সহানুভূতির জন্য আমরা সর্বস্ব হারিয়েও আমাদের স্বাভাবিক জীবন চালাতে পারছি। নিয়তিকে মেনে নিয়েই এখন সুন্দর ভবিষ্যৎ নির্মাণে সংসার করে যাচ্ছি।’এ সময় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন ও ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ উপস্থিত ছিলেন। বাসস।