প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচন অনেকটা ছেলেখেলার মতো
দেশকে অনিশ্চয়তা আর সংঘর্ষের দিকে ঠেলে না দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ রোববার যুবদল আয়োজিত এক সমাবেশে মির্জা ফখরুল এই আহ্বান জানান। তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ওই সমাবেশের আয়োজন করা হয়।সরকার দেশকে অন্ধকার গহ্বরে নিয়ে গেছে, অভিযোগ করে সমাবেশে ফখরুল বলেন, ‘সংসদ থাকবে, সাংসদরা সাংসদ থাকবেন, প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী থাকবেন, প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচন হবে—এটা অনেকটা ছেলেখেলার মতো। দেশের জনগণ সে নির্বাচন কখনো হতে দেবে না।’ পদ্মা সেতুর দুর্নীতি, হলমার্ক কেলেঙ্কারি ইত্যাদি প্রসঙ্গ উল্লেখ করে মির্জা ফখরুল আবারও বলেছেন, দুর্নীতির আঙুল প্রধানমন্ত্রীর দিকে উঠেছে। প্রধানমন্ত্রীর দায়িত্ব এর জবাব দেওয়া, না হয় নৈতিকতার স্বার্থে পদত্যাগ করা।বিএনপির এই নেতার অভিযোগ, নির্বাচন ও রাজনীতি থেকে দূরে রাখতে তারেক রহমানের নামে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। সারা দেশ তন্ন তন্ন করে খুঁজেও তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির কোনো প্রমাণ সরকার পায়নি বলেও দাবি করেন মির্জা ফখরুল।সমাবেশে অন্যান্যের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ, বরকত উল্লাহ প্রমুখ বক্তব্য দেন। সভাপতিত্ব করেন যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন।