বিমানবন্দরের নিরাপত্তা
প্রধানমন্ত্রীর অনুমোদনের পর প্রস্তাব প্রত্যাহার চান বিমানমন্ত্রী
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সমন্বিত নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলতে কানাডীয় কোম্পানির ৩০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব প্রধানমন্ত্রী অনুমোদন করেছেন। কিন্তু বিমানমন্ত্রী জি এম কাদের বলেছেন, তাঁর মন্ত্রণালয়ের যে প্রস্তাবের ভিত্তিতে প্রধানমন্ত্রী কানাডীয় কোম্পানির প্রস্তাব অনুমোদন করেছেন, সেই প্রস্তাবের মূল ভিত্তি অসত্য প্রমাণিত হয়েছে। তাই প্রস্তাবটি প্রত্যাহারের জন্য অর্থনীতিবিষয়ক মন্ত্রিসভা কমিটিতে সারসংক্ষেপ পাঠাতে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের সচিবকে গতকাল বুধবার নির্দেশ দিয়েছেন তিনি।মন্ত্রণালয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত শুক্রবার কানাডীয় কোম্পানি ভিজুয়াল ডিফেন্স ইনকরপোরেশনের (ভিডিআই) প্রস্তাবটি অনুমোদন করেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গত মঙ্গলবার বিমান মন্ত্রণালয়কে বলা হয়। এর পরিপ্রেক্ষিতে গতকাল বিমানমন্ত্রী তাঁর মন্ত্রণালয়ের সচিবকে উল্লিখিত এ নির্দেশ দেন। সূত্র জানায়, মন্ত্রীর নির্দেশনায় বলা হয়, ভিডিআইয়ের সরবরাহ করা যেসব কাগজপত্রের ওপর ভিত্তি করে মন্ত্রণালয় থেকে সারসংক্ষেপ পাঠানো হয়েছিল, অনুসন্ধানে তার গুরুত্বপূর্ণ অংশের সত্যতা পাওয়া যায়নি। ভিডিআই নিজেদের বিমানবন্দরের নিরাপত্তাবিষয়ক ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আয়াটা) একমাত্র কৌশলগত অংশীদার হিসেবে দাবি করেছিল। পরে ১৫ নভেম্বর ভিডিআই এ দাবি অস্বীকার করে। গতকাল আয়াটার দুজন প্রতিনিধি বিমানমন্ত্রীর দপ্তরে এসে আয়াটার নামে জমা দেওয়া প্রত্যয়নপত্রকে জাল বলে শনাক্ত করেন। সচিবকে দেওয়া নির্দেশে মন্ত্রী আরও উল্লেখ করেন, ‘যেহেতু ভিডিআই বর্ণিত কাজের একমাত্র প্রতিষ্ঠান নয়, সে জন্য সরকারি নিয়ম অনুযায়ী, দরপত্র আহ্বান না করার কোনো কারণ থাকে না।’ এই অবস্থায় বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা উন্নয়নে কানাডীয় কোম্পানির প্রস্তাব নিয়ে নতুন জটিলতার সৃষ্টি হলো। অবশ্য চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই বিমানমন্ত্রী কানাডীয় কোম্পানির বিরুদ্ধে জাল কাগজপত্র দাখিলের কথা বলে আসছিলেন। এ নিয়ে বিতর্কের পরিপ্রেক্ষিতে ভিডিআই ১৫ নভেম্বর বিমানমন্ত্রীকে চিঠি দিয়ে তাদের বিনিয়োগ প্রস্তাব প্রত্যাহার করার ঘোষণা দেয়। পরদিন কোম্পানিটি বিমানমন্ত্রীকে আরেক চিঠিতে জানায়, তাদের বিরুদ্ধে অসত্য অভিযোগ আনায় তারা মন্ত্রী জি এম কাদেরের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছে। মন্ত্রণালয় সূত্রে জানা যায়, হজরত শাহজালাল বিমানবন্দরের আন্তর্জাতিক মানসম্পন্ন নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলতে ভিডিআই ৪০ মিলিয়ন মার্কিন ডলার বা ৩০০ কোটি টাকা বিনিয়োগ করার প্রস্তাব দেয়। সিভিল এভিয়েশন এ প্রস্তাব গত ফেব্রুয়ারিতে বিমান মন্ত্রণালয়ে পাঠায়। বিমান মন্ত্রণালয় প্রস্তাব অনুমোদনের জন্য ২৯ আগস্ট অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে পাঠায়। মন্ত্রিসভা কমিটি ২৭ অক্টোবর প্রস্তাবটি অনুমোদন করে। এরপর তা প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হয় এবং প্রধানমন্ত্রী তা অনুমোদন করেন।