প্রধানমন্ত্রীর আচরণ পরিবর্তন হলেই বিএনপি সংসদে যাবে
বিএনপি সংসদে যোগ দিতে চায়, কিন্তু এর জন্য প্রধানমন্ত্রী ও সরকারদলীয় সাংসদদের আচার-আচরণ পরিবর্তন করতে হবে। তবে দলটির স্থায়ী কমিটির বৈঠকে সংসদে যোগ দেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। কমিটির বৈঠকে সরকারের কর্মকাণ্ড ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে বিএনপির পক্ষ থেকে এসব কথা জানানো হয়।গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত সাংবাদিকদের জানাতে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এম কে আনোয়ার।সম্মেলনে আরও জানানো হয়, আগামী ১০ অক্টোবর বিএনপি জিহাদ দিবস উপলক্ষে সিরাজগঞ্জে ছাত্র গণজমায়েত করবে। এতে প্রধান অতিথি থাকবেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। উল্লেখ্য, ছাত্রদলের নেতা জিহাদ স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ হন।একই সঙ্গে টিপাইমুখ বাঁধ, প্রশাসনে সরকারের হস্তক্ষেপ, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ের প্রতিবাদে আগামী ১ অক্টোবর থেকে থানায় থানায় কর্মসূচি পালন করবে দলটি।এরপর দেশের বৃহত্তর জেলাগুলোতে খালেদা জিয়া সমাবেশ করবেন বলেও জানানো হয়।একই সঙ্গে আদালতের দোহাই দিয়ে সংবিধান সংশোধনের বিষয়টি দেশকে গভীর সাংবিধানিক সংকটে ঠেলে দিচ্ছে বলে স্থায়ী কমিটির বৈঠকে উদ্বেগ প্রকাশ করা হয়।