প্রধানমন্ত্রীর আন্তরিকতা নিয়ে মওদুদের সংশয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী সত্যিকার অর্থে পদ্মা সেতু চান কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তিনি বলেছেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ কখনোই সম্ভব নয়। বিশ্বব্যাংকের অর্থায়নের জন্য অর্থমন্ত্রীর প্রচেষ্টা প্রধানমন্ত্রী ব্যর্থ করে দিচ্ছেন বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা।আজ রোববার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে মওদুদ আহমদ এ অভিযোগ করেন। তিনি বলেন, পদ্মা সেতু বিষয়ে সরকারে ‘লন্ডভন্ড’ অবস্থার সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী একদিকে বিশ্বব্যাংকের বিরুদ্ধে বিষোদ্গার করছেন, অন্যদিকে অর্থমন্ত্রী বিশ্বব্যাংকের অর্থায়নের কথা বলছেন, আলোচনার সুযোগ সৃষ্টির চেষ্টা করছেন। মওদুদ আহমদ বলেন, লন্ডনে প্রধানমন্ত্রী বলেছেন, বিশ্বব্যাংক পার্সেন্টেজ খায়। তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর এই বক্তব্য অর্থমন্ত্রীর প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর কথায় মানুষ বিভ্রান্ত। তিনি আসলে কী চান বলা মুশকিল। মনে হয়, তিনি নিজেই চান না পদ্মা সেতু হোক। না হলে তিনি এ ধরনের কথা বলবেন কেন?’ সংসদ সচল থাকাকালে সংসদ নির্বাচন সম্ভব নয় মন্তব্য করে মওদুদ বলেন, ‘প্রধানমন্ত্রী লন্ডনে বলেছেন অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নির্বাচিত সরকারের অধীনে নির্বাচিত হবে। কিন্তু তিনি এটা বলেননি যে সংসদও সচল থাকবে। পৃথিবীর কোনো সংসদীয় গণতান্ত্রিক দেশে এমনটি হয় না।’ মওদুদ আহমদ বলেন, প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরা ‘আতঙ্কে’ কানাডা থেকে দেশে ফিরে আসছেন বলে তিনি শুনতে পেয়েছেন। এটি সত্যি হলে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এর ব্যাখ্যা দেওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল ‘সরকারের অসহিষ্ণু রাজনীতি, সীমাহীন দুর্নীতি ও দেশপ্রেমিকদের করণীয়’ শীর্ষক ওই আলোচনার আয়োজন করে। এতে অন্যান্যের মধ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক, আয়োজক সংগঠনের সভাপতি মেহবুব রহমান প্রমুখ বক্তব্য দেন।