যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরকে যোগাযোগ মন্ত্রণালয়ের পাশাপাশি রেল মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এ বিষয়ে আজ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইয়া প্রথম আলো অনলাইনকে বিষয়ে নিশ্চিত করেছেন।নিজের সহকারী একান্ত সচিবের (এপিএস) গাড়িতে বিপুল পরিমাণ টাকা পাওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে গত ১৬ এপ্রিল সংবাদ সম্মেলন করে রেলমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন সুরঞ্জিত সেনগুপ্ত। তবে গতকাল সরকারি এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী তাঁর পদত্যাগ পত্র গ্রহণ করেছেন এবং তাঁকে দপ্তরবিহীন মন্ত্রী করা হয়েছে। রেল মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব পাওয়ার পর যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের তাঁর প্রতিক্রিয়ায় বলেছেন, ‘নতুন দায়িত্ব, প্রত্যাশার চাপও বেড়ে গেল।’ তিনি জানান, এটা তাঁর সাময়িক দায়িত্ব। প্রধানমন্ত্রী তাঁর ওপর যে আস্থা রেখেছেন, সে আস্থার আমানত সেবার মধ্য দিয়ে পালন করার জন্য তিনি সবার দোয়া ও সমর্থন চান। রাজধানীর একটি হোটেলে এক সেমিনারে তিনি এসব কথা বলেন।ওই অনুষ্ঠানে যোগাযোগমন্ত্রী বলেন, রাজধানীর যানজট নিরসনে আমরা অনেক উদ্যোগ নিয়েছি। কিন্তু এ ক্ষেত্রে ফলাফল এখনো শূন্য। তবে রাস্তাঘাট সংস্কারের ক্ষেত্রে আমরা নতুন মাত্রা যুক্ত করতে পেরেছি। যানজটের কারণ উল্লেখ করে মন্ত্রী বলেন, এ ক্ষেত্রে রাজনীতিও অনেক অসুবিধা তৈরি করে। রাস্তাঘাটে যখন কোনো মিছিল-মিটিং হয়, তখন সারা শহরে যানজট ছড়িয়ে পড়ে।বাড়তি দায়িত্ব হিসেবে রেল মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে যাওয়া ওবায়দুল কাদের সদ্য বিদায়ী রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সঙ্গে গত বছরের ২৮ নভেম্বর শপথ নেন। প্রসঙ্গত, সুরঞ্জিতের এপিএস ওমর ফারুক তালুকদার, রেলের পূর্বাঞ্চলীয় মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধা ও নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্ট এনামুল হক ৯ এপ্রিল মধ্যরাতে বিপুল টাকাসহ ধরা পড়েন।