প্রধানমন্ত্রীর ইফতারে বিভিন্ন দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক দলের নেতাদের সম্মানে গতকাল শনিবার গণভবনে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে মহাজোট ছাড়াও মুক্তিযুদ্ধের পক্ষের বেশ কয়েকটি দলের নেতারা যোগ দেন।ইফতার অনুষ্ঠানে যোগ দেন বিকল্পধারার চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার দরজা সবার জন্য খোলা। আর নির্বাচনের এখনো অনেক সময় বাকি। সময় হলেই সবকিছু স্পষ্ট হবে।’প্রায় ১২ বছর পর ইফতার অনুষ্ঠানে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা হলো কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশ ভালো চলছে না। দেশে বর্তমানে স্বস্তি, শান্তি ও স্থিতির অভাব রয়েছে। এ থেকে উত্তরণের জন্য প্রয়োজন সদিচ্ছা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতা।মহাজোটে যোগদানের ব্যাপারে কোনো কথা হয়েছে কি না, জানতে চাইলে কাদের সিদ্দিকী বলেন, ‘আমার দলের নৌকা কী ডুবে গেছে যে লাফ দিয়ে অন্যের নৌকায় উঠতে হবে? একটা দেশের ষাটোর্ধ্ব প্রধানমন্ত্রীকে কী এতই হালকা ভাবেন যে এ ধরনের একটি অনুষ্ঠানে এ নিয়ে কথা বলবেন? তবে দেশের এ রকম একটি পরিস্থিতিতে যে দেশ চালাচ্ছেন, তাতে প্রধানমন্ত্রীকে আমি যোগ্য বলেই মনে করি।’ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘এককভাবে নির্বাচন করার কথা প্রধানমন্ত্রীকে বলেছি।’ইফতারে বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমন্ত্রণ জানানো হলেও তাঁরা বা তাঁদের কোনো প্রতিনিধি যাননি। জামায়াতে ইসলামীকে দাওয়াত দেওয়া হয়নি। প্রধানমন্ত্রীর ইফতার মাহফিলে মহাজোট এবং এর বাইরে থাকা মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন রাজনৈতিক দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। মঞ্চে প্রধানমন্ত্রীর এক পাশে আসন নেন রওশন এরশাদ, হুসেইন মুহম্মদ এরশাদ, এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, ইসলামী ঐক্যজোটের (একাংশ) চেয়ারম্যান মিসবাহুর রহমান চৌধুরী এবং অন্য পাশে বসেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, সুরঞ্জিত সেনগুপ্ত, জাসদের হাসানুল হক ইনু ও সিপিবির মুজাহিদুল ইসলাম সেলিম।বিকেল পাঁচটা থেকেই গণভবনে বিভিন্ন দলের রাজনীতিবিদেরা আসতে থাকেন। ইফতারের ঘণ্টা খানেক আগেই পরিপূর্ণ হয়ে ওঠে গণভবনে স্থাপিত বিশাল প্যান্ডেল। প্রধানমন্ত্রী ঘুরে ঘুরে বিভিন্ন দলের নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন। ১৯৯৯ সালে আওয়ামী লীগ থেকে বহিষ্কার এবং কৃষক শ্রমিক জনতা লীগ গঠন করার পর কাদের সিদ্দিকীর সঙ্গে শেখ হাসিনার এই প্রথম দেখা। এ সময় কাদের সিদ্দিকীর সঙ্গে তাঁর স্ত্রী নাসরিন সিদ্দিকীও ছিলেন। শেখ হাসিনা কাদের সিদ্দিকীর সঙ্গে কুশল বিনিময় করেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের সিদ্দিকী বলেন, ‘আমরা আগে একই দলের নেতা ছিলাম। আর শেখ হাসিনা আমার বোন। রোজা-রমজানের অনুষ্ঠানে একজন মুসলমানের সঙ্গে যে কথা হয়, প্রধানমন্ত্রীর সঙ্গে আমার সে রকম কথাবার্তা হয়েছে।’ দেশের সংকট নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর আলোচনা হবে বলে তিনি জানান।ইফতারের আগে ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে ৭১-এর মুক্তিসংগ্রামে শহীদ, ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্য এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের আত্মার শান্তি ও দেশের উন্নতি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।ইফতার অনুষ্ঠানে অন্য নেতাদের মধ্যে আরও ছিলেন: আনোয়ার হোসেন মঞ্জু, জি এম কাদের, রুহুল আমিন হাওলাদার, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, শেখ শহীদুল ইসলাম, শরিফ নূরুল আম্বিয়া, মঈন উদ্দীন খান বাদল, শিরিন আখতার, নাজমুল হক প্রধান, কামরুল আহসান খান, ওয়াজেদুল ইসলাম খান, নজিবুল বশর মাইজভান্ডারি প্রমুখ। আওয়ামী লীগের অধিকাংশ জ্যেষ্ঠ ও কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।