প্রধানমন্ত্রীর উন্নয়নের ফিরিস্তি দৃশ্যমান নয়: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গত দুই বছরে সরকার জনগণের জন্য কিছুই করতে পারেনি। এ সরকার সম্পূর্ণ ব্যর্থ। প্রধানমন্ত্রীর দেওয়া উন্নয়নের ফিরিস্তিও দৃশ্যমান নয়। তাই এটা স্পষ্ট যে, জনগণকে দেওয়া সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি শুধুই ধোঁকাবাজি।’জাতির উদ্দেশে গতকাল বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রথম আলোকে এ কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের জন্য আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। দুই বছর পর জনগণকে আরও ধৈর্য ধরার কথা বলে মূলত সরকার দেশ পরিচালনায় তাঁর অপারগতা প্রকাশ করেছে।এম কে আনোয়ার বলেন, সরকার দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়টি খতিয়ে দেখার কথা বলছে। অথচ সরকারের এই বিলম্ব বোধোদয়ের কারণে একটি গোষ্ঠী জনগণের টাকা হাতিয়ে নিয়েছে। তিনি প্রশ্ন করেন, ‘তাহলে কি কাউকে সুবিধা দিতে এত দিন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা হয়নি?’ তিনি বলেন, এই সরকার ১০ টাকা কেজিতে চাল খাওয়ানোর মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে। এদের কারণে আগের চেয়ে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে।বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন এত উন্নয়ন কাজ নাকি আর কোনো সরকার কখনো করতে পারেনি। অথচ তিনি বক্তব্যে শুধু করার প্রতিশ্রুতি দিয়েছেন। তাহলে উন্নয়নকাজ হলো কীভাবে? জনগণ যদি উন্নয়নের সুফল না পায়, তাহলে দুই বছর ধরে যে উন্নয়নের কথা সরকার বলছে, তার সত্যতা পাওয়া যাবে না।’বিরোধী দল সংসদ কার্যকর করতে ব্যর্থ হয়েছে—প্রধানমন্ত্রীর এ বক্তব্যের জবাবে এম কে আনোয়ার বলেন, গত তিনটি সাধারণ নির্বাচনের পর দেখা গেছে, বিরোধী দল সংসদ বর্জন করছে। কিন্তু এবার বিরোধী দল সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে সংসদে যোগ দিয়ে সেই ধারা ভেঙেছে। সরকারের অগণতান্ত্রিক আচরণের পরও আবার বিরোধী দল সংসদে ফিরেছে। কিন্তু এরপর কেন বিরোধী দল সংসদে গেল না, তা সরকার ও দেশের জনগণ ভালো করেই জানে। তিনি বলেন, বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর হামলা ও নির্যাতনের ক্ষেত্রে এই সরকার শতভাগ সফল হয়েছে।যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে এম কে আনোয়ার বলেন, বিএনপিও যুদ্ধাপরাধীদের বিচার চায়। কিন্তু তা হতে হবে স্বচ্ছ ও আন্তর্জাতিক মানসম্পন্ন। সরকারের দুই বছরের শাসনামল অতীতের সব দুঃশাসনকে ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি। পুঁজিবাজারের অস্থিরতাকে সরকারের আরেক ব্যর্থতা বলে উল্লেখ করেন তিনি।