প্রধানমন্ত্রীর একগুঁয়েমিতে নির্বাচন অনিশ্চিত
প্রধানমন্ত্রীর একগুঁয়েমির কারণে আগামী জাতীয় নির্বাচন অনিশ্চিত হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারে খন্দকার মোশাররফ এ মন্তব্য করেন। তিনি বলেন, অস্থির রাজনীতির মধ্য দিয়ে দেশ চলছে। এ অবস্থা উত্তরণে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে সে নির্বাচনে বিরোধী দল অংশ নেবে না। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব বাড়ছে। দলগুলোর মধ্যে আস্থার সংকট ’৯৬ সালের চেয়েও বেশি প্রকট হয়ে উঠেছে। এ অবস্থায় প্রধানমন্ত্রীর একগুঁয়েমি দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে বলে তিনি দাবি করেন।আগামীর বাংলাদেশ নামে একটি সংগঠন ‘সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি: উত্তরণের পথ’ শীর্ষক ওই সেমিনারের আয়োজন করে। সেমিনারে অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সদরুল আমিন, তাহমিনা আকতার, আয়োজক সংগঠনের চেয়ারম্যান শাহ আলম প্রমুখ আলোচনায় অংশ নেন।