প্রধানমন্ত্রীর এপিএসের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর এপিএস নজরুল ইসলামের স্বাক্ষর ও সিলমোহর জালিয়াতির অভিযোগে মিজানুর রহমান (২৭) ও শাহজালাল মিয়া (৩০) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার গভীর রাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বন বিভাগের সহকারী বন সংরক্ষকের (এসিএফ) কার্যালয় থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের দুজনের বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলায়।পুলিশ জানায়, গতকাল সন্ধ্যা সাতটার দিকে এসিএফের কার্যালয়ে গিয়ে আর্থিক সহায়তা চান মিজানুর ও শাহজালাল। আর্থিক সহায়তা দেওয়ার জন্য তাঁরা এসিএফ হাছানুর রহমানকে একটি সুপারিশপত্র দেখান। যেখানে প্রধানমন্ত্রীর এপিএস নজরুল ইসলাম ও রমনা থানা আওয়ামী লীগের সভাপতি মো. আবুল বাসারের স্বাক্ষর ও সিলমোহর ছিল। সন্দেহ হওয়ায় এসিএফ পুলিশে খবর দেন। রাত ১২টার দিকে পুলিশ ওই কার্যালয় থেকে তাঁদের গ্রেপ্তার করে। এ সময় তাঁদের ব্যবহূত একটি ব্যক্তিগত গাড়ি (প্রাইভেট কার) উদ্ধার করা হয়।হাছানুর রহমান জানান, রাজধানীর রমনা থানার আওয়ামী লীগের সভাপতি আবুল বাসার তাঁর পরিচিত। বাসারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে তিনি স্বাক্ষর ও সিলমোহর জালিয়াতির বিষয়ে নিশ্চিত হন।ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ প্রথম আলো ডটকমকে বলেন, এ ঘটনায় মঙ্গলবার মধ্যরাতে ফরেস্টার (বন বিভাগের কর্মকর্তা) মো. মহসিন মিয়া বাদী হয়ে মামলা করেছেন।