প্রধানমন্ত্রীর কাছে ক্ষোভ জানালেন মন্ত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠাৎ করেই মন্ত্রিসভার সব সদস্য একসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন। আজ সোমবার জাতীয় সংসদের সকালের অধিবেশন মুলতবি হওয়ার পর মন্ত্রীরা প্রধানমন্ত্রীর লবিতে যান।একপর্যায়ে সেখানে মন্ত্রিসভার অনির্ধারিত বৈঠক হয়ে যায়। মন্ত্রীরা গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানের সঙ্গে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান শাহ আলমের ঔদ্ধত্যপূর্ণ আচরণ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন এবং ক্ষোভ প্রকাশ করেন। একাধিক মন্ত্রী এ তথ্য জানিয়েছেন।সূত্র জানায়, মন্ত্রিসভার সদস্যরা শাহ আলমের আচরণে প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা প্রধানমন্ত্রীকে বলেন, একজন বিতর্কিত ব্যবসায়ী ও ভূমিদস্যু বলে পরিচিত ব্যক্তি সরকারের একজন মন্ত্রীর সঙ্গে যে ভাষায় কথা বলেছেন, তা মেনে নেওয়া যায় না। কার্যত তিনি সরকারকেই হুমকি দিয়েছেন। ব্যক্তিস্বার্থে ওই ব্যবসায়ী সরকারি নীতিমালার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। জনগণের স্বার্থেই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। মন্ত্রিসভার সদস্যরা গণপূর্ত প্রতিমন্ত্রীর অবস্থানকে পূর্ণ সমর্থন দেন।এ প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী ফারুক খান প্রথম আলোকে বলেন, ‘শাহ আলম যেভাবে যে ভাষায় প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, যে আচরণ করেছেন, তা তিনি করতে পারেন না। আমরা সবাই প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা বলেছি। এখন এটা মাননীয় প্রধানমন্ত্রীর বিষয়। তিনি যা প্রয়োজন মনে করবেন, তা-ই করবেন।’সূত্র জানায়, প্রধানমন্ত্রী মন্ত্রীদের বক্তব্য শোনেন এবং গণপূর্ত প্রতিমন্ত্রীর অবস্থানকে সঠিক বলে মন্তব্য করেন। প্রধানমন্ত্রী শাহ আলমের ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও সরকারের প্রতি হুমকি-ধমকি প্রদর্শনকে ভালোভাবে নেননি।প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রীদের বৈঠকের কথা জানিয়ে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী প্রথম আলোকে বলেন, বিএনপির আমলে শাহ আলমের উত্থান। সেই সরকারের সঙ্গে তাঁর দহরম-মহরম ছিল। শাহ আলম জনগণের নিঃশ্বাস ফেলার জায়গাও রাখতে চান না। তবে বর্তমান সরকার জনগণের স্বার্থেই কাজ করবে। তিনি জানান, আব্দুল মান্নান খানের অবস্থানকে প্রধানমন্ত্রী সঠিক বলে মন্তব্য করেছেন।সূত্র জানায়, গতকাল রোববার পূর্ত মন্ত্রণালয়ের সভায় শাহ আলমের ঔদ্ধত্যপূর্ণ আচরণের পরপরই প্রতিমন্ত্রী মান্নান খান প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। তিনি পুরো ঘটনা ও বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। প্রধানমন্ত্রী ড্যাপকে সমর্থন করেন এবং জনগণের স্বার্থে কাজ এগিয়ে নেওয়ার জন্য প্রতিমন্ত্রীকে নির্দেশ দেন।