প্রধানমন্ত্রীর কাছে ক্ষোভ জানালেন মন্ত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠার‌্যা করেই মন্ত্রিসভার সব সদস্য একসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করলেন। গতকাল সোমবার জাতীয় সংসদের সকালের অধিবেশন মুলতবি হওয়ার পর মন্ত্রীরা প্রধানমন্ত্রীর লবিতে যান।একপর্যায়ে সেখানে মন্ত্রিসভার অনির্ধারিত বৈঠক হয়ে যায়। মন্ত্রীরা গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানের সঙ্গে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান শাহ আলমের ঔদ্ধত্যপূর্ণ আচরণ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন এবং ক্ষোভ প্রকাশ করেন। একাধিক মন্ত্রী এ তথ্য জানিয়েছেন।সূত্র জানায়, মন্ত্রিসভার সদস্যরা শাহ আলমের আচরণে প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা প্রধানমন্ত্রীকে বলেন, একজন বিতর্কিত ব্যবসায়ী ও ভূমিদস্যু বলে পরিচিত ব্যক্তি সরকারের একজন মন্ত্রীর সঙ্গে যে ভাষায় কথা বলেছেন, তা মেনে নেওয়া যায় না। কার্যত তিনি সরকারকেই হুমকি দিয়েছেন। ব্যক্তিস্বার্থে ওই ব্যবসায়ী সরকারি নীতিমালার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। জনগণের স্বার্থেই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। মন্ত্রিসভার সদস্যরা গণপূর্ত প্রতিমন্ত্রীর অবস্থানকে পূর্ণ সমর্থন দেন।এ প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী ফারুক খান প্রথম আলোকে বলেন, ‘শাহ আলম যেভাবে যে ভাষায় প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, যে আচরণ করেছেন, তা তিনি করতে পারেন না। আমরা সবাই প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা বলেছি। এখন এটা মাননীয় প্রধানমন্ত্রীর বিষয়। তিনি যা প্রয়োজন মনে করবেন, তা-ই করবেন।’সূত্র জানায়, প্রধানমন্ত্রী মন্ত্রীদের বক্তব্য শোনেন এবং গণপূর্ত প্রতিমন্ত্রীর অবস্থানকে সঠিক বলে মন্তব্য করেন। প্রধানমন্ত্রী শাহ আলমের ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও সরকারের প্রতি হুমকি-ধমকি প্রদর্শনকে ভালোভাবে নেননি।প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রীদের বৈঠকের কথা জানিয়ে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী প্রথম আলোকে বলেন, বিএনপির আমলে শাহ আলমের উত্থান। সেই সরকারের সঙ্গে তাঁর দহরম-মহরম ছিল। শাহ আলম জনগণের নিঃশ্বাস ফেলার জায়গাও রাখতে চান না। তবে বর্তমান সরকার জনগণের স্বার্থেই কাজ করবে। তিনি জানান, আব্দুল মান্নান খানের অবস্থানকে প্রধানমন্ত্রী সঠিক বলে মন্তব্য করেছেন।সূত্র জানায়, রোববার পূর্ত মন্ত্রণালয়ের সভায় শাহ আলমের ঔদ্ধত্যপূর্ণ আচরণের পরপরই প্রতিমন্ত্রী মান্নান খান প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। তিনি পুরো ঘটনা ও বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। প্রধানমন্ত্রী ড্যাপকে সমর্থন করেন এবং জনগণের স্বার্থে কাজ এগিয়ে নেওয়ার জন্য প্রতিমন্ত্রীকে নির্দেশ দেন।আইনি ব্যবস্থা নেওয়ার চিন্তা: ড্যাপ নিয়ে রোববার গণপূর্ত মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় সরকার ও বিশিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে যাঁরা ঔদ্ধত্যপূর্ণ ও অশোভন বক্তব্য দিয়েছেন, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে সরকার। মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।এ বিষয়ে জানতে চাইলে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান প্রথম আলোকে বলেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। যাঁরা মানহানি করে কথা বলবেন, ঔদ্ধত্যপূর্ণ আচরণ করবেন, তাঁদের আইনের আওতায় আসতেই হবে। তিনি বলেন, মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী পুরো বিষয়ে অবহিত হয়েছেন। তিনি আইন অনুযায়ী ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব খন্দকার শওকত হোসেন প্রথম আলোকে বলেন, ‘ড্যাপ নিয়ে আমরা একটি মতবিনিময়ের আয়োজন করেছিলাম। কিন্তু ওই সভায় যেভাবে বাগিবতণ্ডা হয়েছে, তা খুবই দুঃখজনক।’উদ্বেগ: প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানের সঙ্গে শাহ আলমের শালীনতাবর্জিত আচরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সম্মিলিত সামাজিক আন্দোলন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এই নব্য ধনিকদের আচরণ যেভাবে সভ্যতার সীমা লঙ্ঘন করে চলেছে, তা মোটেই দেশের জন্য কল্যাণকর ফল বয়ে আনবে না। আমাদের প্রশ্ন, এরা এত সাহস পায় কোথায়?’ বিবৃতি দেন অজয় রায়, হায়ার‌্যা মামুদ, পঙ্কজ ভট্টাচার্য, জিয়াউদ্দিন তারেক আলী, এস এম এ সবুর, তবারক হোসাইন প্রমুখ।ড্যাপের সভায় আবাসন ব্যবসায়ীদের অশোভন আচরণে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট। স্থপতি মোবাশ্বের হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট মন্ত্রী এবং কমিটির প্রধানকে লক্ষ্য করে যে ভাষা প্রয়োগ করা হয়েছে, তা অশালীন এবং পর্যালোচনা কমিটির কার্যপ্রণালিকে প্রভাবিত করার হুমকি হিসেবেই প্রতীয়মান হয়।নগর ও পরিবেশের জন্য ক্ষতিকর যেকোনো প্রকল্প থেকে আবাসন খাত নিজেদের বিরত রাখবে বলে স্থপতি ইনস্টিটিউট আশা প্রকাশ করেছে।