প্রধানমন্ত্রীর কাছে টিকিট চাইলেন মন্ত্রী-সচিবেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়েও বিশ্বকাপ ক্রিকেটের টিকিট নিয়ে আগ্রহের কমতি নেই। গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রী ও সচিবেরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে টিকিট চেয়েছেন। মন্ত্রীরা ২০টি করে টিকিট চান। মন্ত্রী-সচিবদের দাবি সত্ত্বেও প্রধানমন্ত্রী তাঁদের টিকিট দেওয়ার আশ্বাস দেননি। একাধিক নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।বৈঠক সূত্র জানায়, প্রধানমন্ত্রী বিশ্বকাপ ক্রিকেটের টিকিট বিক্রির জন্য ঢাকাসহ সারা দেশে অনুমোদিত ব্যাংক দুটির বুথের সংখ্যা বাড়াতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেন। প্রধানমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা করারও নির্দেশ দেন।কাজে সমন্বয়ের নির্দেশ: সূত্র জানায়, বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রী ও সচিবদের কাজে সমন্বয় বাড়ানোর তাগিদ দেন। তিনি ডিসেম্বর পর্যন্ত সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ দেন। মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বৈঠক করার প্রয়োজনের ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। মন্ত্রী-সচিবদের তিনি বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে জোর দিতে হবে। জনগণের স্বার্থে দ্রুত কাজ করতে হবে। রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা: বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, সংসদের শীতকালীন অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ তৈরি নিয়ে আলোচনা হয়। খসড়া ভাষণে গত সেপ্টেম্বর পর্যন্ত সরকারের কর্মকাণ্ড ছিল। প্রধানমন্ত্রী ডিসেম্বর পর্যন্ত সরকারের উন্নয়নমূলক কাজ সন্নিবেশ করে ভাষণ প্রস্তুতের জন্য নির্দেশ দেন। এ জন্য মন্ত্রিসভার বৈঠকে একটি কমিটি করা হয়। কমিটির সদস্যরা হলেন প্রধানমন্ত্রীর সংস্থাপনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম, অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, শিক্ষাসচিব ও অর্থসচিব। এই কমিটি ভাষণ তৈরি করে মন্ত্রিসভার পরবর্তী বৈঠকে উপস্থাপন করবে।সংবিধান অনুযায়ী সংসদের শীতকালীন অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেন। এই ভাষণে সরকারের উন্নয়নকাজের বিস্তারিত বিবরণ থাকে। গতকালের বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের একটি সংক্ষিপ্ত রূপ তৈরি করা হয়।বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।