প্রধানমন্ত্রীর কাছে দারাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপান-বাংলাদেশ সাংস্কৃতিক কেন্দ্রের নামে প্রতারণার ঘটনায় দারাদ আহমেদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের সাবেক ছাত্রদের সংগঠন। একই সঙ্গে তাঁরা সরকারি উদ্যোগে জাপান-বাংলাদেশ সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠারও দাবি জানিয়েছেন।এ ছাড়া সংগঠনের পক্ষ থেকে সরকারি উদ্যোগে জাপান-বাংলাদেশ সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানানো হয়েছে। আজ শনিবার জাপানিজ ইউনিভারসিটিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (জেইউএএবি) এক বিবৃতিতে এই দাবি জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, জাপান-বাংলাদেশ সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠার নামে অভিনব কায়দায় দারাদ আহমেদের প্রতারণার ঘটনা জেনে জেইউএএবি মর্মাহত। জেইউএএবির সভাপতি খোরশেদ আলম ভূঞা স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশের পরীক্ষিত বন্ধু জাপান। রবীন্দ্র বিশেষজ্ঞ অধ্যাপক কাযুও আজুমা বাংলা ভাষা ও সংস্কৃতির একজন সেবক। বঙ্গবন্ধুর জাপান ভ্রমণের সময়ও তিনি তাঁর দোভাষী ছিলেন। অধ্যাপক কাযুও আজুমা ও তাঁর স্ত্রী অধ্যাপক কেইকো আজুমা দীর্ঘকাল ধরে নিরবচ্ছিন্নভাবে বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশে কাজ করে যাচ্ছেন।বিবৃতিতে আরও বলা হয়, রবীন্দ্রপ্রেমী বাংলাদেশের মহান সুহূদ এই অধ্যাপক দম্পতিকে অত্যন্ত সুকৌশলে জাপান বাংলাদেশ সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠার নামে সাড়ে ছয় কোটি টাকা প্রতারণা করে দারাদ বাংলাদেশের ঐতিহ্য, সম্মান ও গর্ব ধুলোয় মিশিয়ে দিয়েছেন। বাংলাদেশকে জাপানি জাতির কাছে হেয় করেছেন। ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতিতে বলা হয়, প্রতারক দারাদ আহমেদের দৃষ্টান্তমূলক শাস্তি দরকার, যাতে কেউ আর এ ধরনের হীন প্রতারণা করার সাহস না পায়।