প্রধানমন্ত্রীর কাছে ২০টি করে টিকিট চাইলেন মন্ত্রী-সচিবেরা
রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়েও বিশ্বকাপ ক্রিকেটের টিকিট নিয়ে উন্মাদনার কমতি নেই। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রী ও সচিবেরা একসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে টিকিট চাইলেন। একজন নারী সচিব দাঁড়িয়ে টিকিটের জন্য রীতিমতো দাবি তোলেন। মন্ত্রীরা চান ২০টি করে টিকিট। মন্ত্রী-সচিবদের দাবির মুখে প্রধানমন্ত্রী মুচকি হাসলেও টিকিট দিতে সম্মতি দেননি বলে একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।বৈঠক সূত্র জানায়, প্রধানমন্ত্রী বিশ্বকাপ ক্রিকেটের টিকিট বিক্রির জন্য ঢাকাসহ সারা দেশে অনুমোদিত ব্যাংক দুটির বুথের সংখ্যা বাড়াতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। বিশ্বকাপের টিকিট নিয়ে সৃষ্ট সাম্প্রতিক বিশৃঙ্খলা নিরসনে বুথসংখ্যা বাড়াতে তিনি এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখানোর জন্যও নির্দেশ দেন।সূত্র জানায়, বৈঠকে একজন প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে খেলা দেখার টিকিট চান। এ সময় মন্ত্রিসভার অন্যান্য সদস্য এবং সচিবেরা একসঙ্গে টিকিট দাবি করেন।কাজে সমন্বয়ের নির্দেশ: সূত্র জানায়, বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রী ও সচিবদের কাজে সমন্বয় বাড়ানোর তাগিদ দেন। তিনি গত ডিসেম্বর মাস পর্যন্ত সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ দেন।রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা: বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, সংসদের শীতকালীন অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ তৈরি নিয়ে আলোচনা হয়। খসড়া ভাষণে গত সেপ্টেম্বর মাস পর্যন্ত সরকারের কর্মকাণ্ড ছিল। প্রধানমন্ত্রী ডিসেম্বর পর্যন্ত সরকারের উন্নয়নমূলক কাজ সন্নিবেশ করে ভাষণ প্রস্তুতের জন্য নির্দেশ দেন। এ জন্য মন্ত্রিসভা বৈঠকে একটি কমিটি গঠন করা হয়।